১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘ধুম ৩’। যে ছবির ‘কমলী’ গান খুবই জনপ্রিয় হয়েছিল। বিশেষত সেই গানে অভিনেত্রী ক্যাটরিনা কইফের নাচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। সেই সময় শোনা গিয়েছিল, ওই গানে নায়িকার ‘ব়়ডি ডবল’ হিসাবে নাকি কাজ করেছিলেন নৃত্যশিল্পী শক্তি মোহন। সত্যিই কি তাই? এক সময় তা নিয়ে হয় বিতর্ক। এই প্রেক্ষিতে কী জবাব শক্তির?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একই প্রসঙ্গ ওঠে। তখনই শক্তি স্পষ্ট জানিয়ে দেন, সবটাই ভুয়ো। গুজব রটানো হয়েছে সবটাই। শক্তি বলেন, “আমার চেহারার গড়ন, গায়ের রং বা আমার উচ্চতা— কোনওটাই ক্যাটরিনার মতো নয়। তা হলে কী করে আমি ওঁর ‘বডি ডবল’ হিসাবে কাজ করতে পারি? এটা তো বুঝতে হবে।”
শুটিংয়ের আগে অনেকেই ভেবেছিলেন ‘কমলী’ গানে নাচ করা ক্যাটরিনার জন্য কঠিন হবে। সেই কারণেই মূলত ‘বডি ডবল’-এর কথা বলা হয়েছিল। এ প্রসঙ্গে শক্তি যোগ করেন, “আমি তো নৃত্যশিল্পী। ফলে আমার ক্ষেত্রে তো নাচ করা সহজ হবেই। তবে এই গানের জন্য ক্যাটরিনা মারাত্মক খেটেছিলেন। শুধুমাত্র যে নাচের মধ্যে যে ‘ফ্লিপ’ বা ‘স্টান্ট’-এর দৃশ্য ছিল, সেগুলির জন্য ফ্রান্স থেকে এসেছিলেন এক জন।” ফ্রান্সের সেই মহিলাই ক্যাটরিনার ‘বডি ডবল’ হিসাবে ‘স্টান্ট’গুলো করেন। যদিও এই গানের জন্য ক্যাটরিনা নিজে প্রতি দিন বহু ঘণ্টা অনুশীলন করতেন বলেও জানান শক্তি।