Advertisement
E-Paper

ফ্রান্সে ভেঙে পড়ল প্যারাসুটিস্টদের বিমান! নিহত ১১, সৌদিতে সরকারি তেল সংস্থা আরামকোর কপ্টার ভেঙে প্রাণ গেল ১৪ জনের

বিমানে এক পাইলট ছাড়া ছিলেন পাঁচ জন প্রশিক্ষক এবং পাঁচ শিক্ষার্থী। প্রশিক্ষণের উদ্দেশ্যেই বিমানে চেপেছিলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:০৮
ফ্রান্সে ভেঙে পড়েছে বিমান।

ফ্রান্সে ভেঙে পড়েছে বিমান। ছবি: সংগৃহীত।

উত্তর-পূর্ব ফ্রান্সের এক শহরে রবিবার সকালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। প্রাণ হারালেন ১১ জন। একই দিনে সৌদি আরবে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। সেটি সৌদির সরকারি তেল সংস্থা আরামকোর। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। সৌদির সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, দু্র্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে উত্তর-পূর্ব ফ্রান্সের তোব্ল্যাঁয় একটি ছোট যাত্রিবাহী বিমান ভেঙে পড়েছে। ওই বিমানটি ছিল আদতে একটি প্যারাসুটিস্ট স্কুলের। সেখানে প্যারাসেলিং করার প্রশিক্ষণ দেওয়া হয়। সূত্রের খবর, বিমানে এক পাইলট ছাড়া ছিলেন পাঁচ জন প্রশিক্ষক এবং পাঁচ শিক্ষার্থী। প্রশিক্ষণের উদ্দেশ্যেই বিমানে চেপেছিলেন তাঁরা। বিমানটি ন্যান্সি-এসে থেকে উড়েছিল। তার পরে মাঝপথেই ভেঙে পড়ে বিমান। প্রাণ যায় ১১ জন সওয়ারিরই। কী ভাবে সেটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অন্য দিকে, খলিজ় টাইমস জানিয়েছে, সৌদি আরবের রাস তালুরাতে ভেঙে পড়েছে কপ্টারটি। কী ভাবে ভেঙে পড়ল, তা জানা যায়নি। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে সৌদি আরবের শক্তি মন্ত্রক।

সৌদি আরবের পূর্ব দিকে রয়েছে রাস তালুরা। হরমুজ় প্রণালীর উত্তর-পশ্চিমে। উপসাগরে এই রাস তালুরা টার্মিনাল যথেষ্ট গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে গত চার মাস সেখান থেকে অপরিশোধিত তেল তুলতে পারেনি সৌদি আরব। গত শুক্রবার থেকেই আবার চালু হয়েছিল রাস তালুরা। সেখান থেকে অপরিশোধিত তেল তুলতে শুরু করেছে আমারকো। তার মধ্যেই এই বিপত্তি।

Saudi Arabia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy