Advertisement
E-Paper

‘ভিত্তিহীন’! করাচিতে আধা সামরিক ঘাঁটিতে হামলার দাবি প্রত্যাখান ভারতের, পরামর্শ, ‘আত্মবিশ্লেষণের প্রয়োজন’

করাচির আধা সামরিক ঘাঁটির কাছে শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বিস্ফোরণের ঘটনা ঘটে। তার পরেই গোলাগুলি শুরু হয়। এই হামলায় চার জন আধা সামরিক বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৭:৫২
India rejects Pakistan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Karachi blast claim

করাচিতে আঁটোসাঁটো নিরাপত্তা। ছবি: রয়টার্স।

করাচিতে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে জঙ্গিহামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিল পাকিস্তান। সেই অভিযোগ নস্যাৎ করে দিল নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক। পাল্টা পরামর্শ, পাকিস্তানের উচিত আত্মবিশ্লেষণ করা। নিজের দেশে থাকা সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) করাচিতে হামলার ঘটনায় ভারতকে ‘দায়ী’ করে রিপোর্ট প্রকাশিত হয় পাকিস্তানে। সেই রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লি এই সব দাবি দ্ব্যর্থহীন ভাবে প্রত্যাখান করছে। তাঁর কথায়, ‘‘পাকিস্তানের উচিত অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করা। নিজের ভূখণ্ডের ভিতরে যে সন্ত্রাসী কার্যকলাপ বা নেটওয়ার্ক গড়ে উঠেছে, তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ করা।’’ একই সঙ্গে ইসলামাবাদকে ‘আত্মবিশ্লেষণ’ করার পরামর্শও দেন রণধীর।

করাচির আধা সামরিক ঘাঁটির কাছে শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বিস্ফোরণের ঘটনা ঘটে। তার পরেই গোলাগুলি শুরু হয়। এই হামলায় চার জন আধা সামরিক বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছেন, করাচিতে গুলিস্তান-এ-জওহর এলাকার সিন্ধু রেঞ্জার্স কম্পাউন্ডে জঙ্গিরা হামলা চালায়। নিরাপত্তাকর্তাদের ভাষ্য, হামলাকারীরা সেনাঘাঁটিতে প্রবেশের আগে একাধিক গ্রেনে়ড ছোড়ে, এতে পর পর বিস্ফোরণ ঘটে। তার পরে একটি গাড়ি সেনাঘাঁটির মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। পাল্টা জবাব দেওয়া হয় নিরাপত্তাবাহিনীর তরফে। প্রায় ৯০ মিনিট ধরে অভিযান চলে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, হামলার ঘটনার সঙ্গে যুক্ত থাকা ছ’জন জঙ্গির মৃত্যু হয়েছে। এক হামলাকারীকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী। যদিও সে গুরুতর আহত। শনিবারের এই হামলার ঘটনার দায় স্বীকার করেছে বিদ্রোহীগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র ছায়াগোষ্ঠী জামাত-উল-আহরার।

Karachi Attack MEA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy