Advertisement
E-Paper

পালটাচ্ছে বিয়ের ছবি তোলার ধরন! বিশেষ দিনে বর-কনেরা ৫ ভাবে তৈরি করছেন নাটকীয় সব মুহূর্ত

বিয়ের অ্যালবাম মানেই এক সময়ে ছিল সাজানো-পোজ় দেওয়া ছবি। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে সারি সারি দাঁড়িয়ে ছবি তোলার যুগ এখন অতীত। ৫ ধরনের প্রবণতা গুরুত্ব পাচ্ছে বিয়ের ছবির ক্ষেত্রে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৭:৪৯
নতুন প্রজন্মের বর-কনেরা কেমন ছবি পছন্দ করছেন?

নতুন প্রজন্মের বর-কনেরা কেমন ছবি পছন্দ করছেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিয়ে এখন উৎসবের চেয়ে নেহাত কম কিছু নয়। সপ্তাহভর হইহুল্লোড়, আর তার পর সবই স্মৃতির খাতায় তুলে রাখা। আর স্মৃতি আঁকড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার ছবি। কিন্তু ছবি তোলার ধরনধারণ এখন বদলে গিয়েছে। এখনকার বিয়ের ছবি শুধুই স্মৃতি ধরে রাখার উপায় নয়, বরং গল্প বলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

বিয়ের অ্যালবাম মানেই এক সময়ে ছিল সাজানো-পোজ় দেওয়া ছবি। কিন্তু সময় বদলেছে। মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তোলার যুগ এখন অতীত। নতুন প্রজন্মের যুগলেরা চান, তাঁদের বিয়ের প্রতিটি মুহূর্ত যেন এক একটি সিনেমার দৃশ্যের মতো হয়। সেই কারণেই বিয়ের আলোকচিত্রের জগতে এসেছে একাধিক নতুন প্রবণতা। তার মধ্যেই কয়েকটির উদাহরণ রইল নীচে—

ফিল্মে ফেরা

অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থের ছবিতে ফিল্মের আমেজ।

অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থের ছবিতে ফিল্মের আমেজ। ছবি: ইনস্টাগ্রাম

ফিরে আসছে ফিল্ম ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার অত্যন্ত ঝকঝকে ও তীক্ষ্ণ ছবি নয়। বরং অ্যানালগ ক্যামেরার নস্ট্যালজিয়ায় ফিরতে চাইছেন নবদম্পতিরা। চটক নয়, ছবির গভীরতা যেন মন কেড়ে নেয়। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে তার পর ‘এফেক্ট’ ব্যবহার করে তাকে ফিল্ম ক্যামেরার ধাঁচে নিয়ে আসার প্রবণতাও দেখা যাচ্ছে।

পোজ়সর্বস্ব নয়

রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের মুহূর্ত।

রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম

অতিরিক্ত সাজানো, পরিকল্পিত, নিখুঁত ছবির থেকে মুখ ঘোরাচ্ছে নয়া প্রজন্ম। ক্যামেরাকে অদৃশ্য করে তোলার প্রবণতা বাড়ছে। পোজ় দেওয়া ছবির বদলে এখন গুরুত্ব পাচ্ছে স্বতঃস্ফূর্ত মুহূর্তের ছবি। কনের হাসি, বন্ধুর সঙ্গে আড্ডা, পরিবারের প্রতিক্রিয়া বা অনুষ্ঠানের ফাঁকে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাই এখন ফ্রেমবন্দি করাতে চাইছেন তাঁরা। অনেক যুগলই চান না, সারা ক্ষণ তাঁদের পোজ় দিতে হোক। বরং তাঁরা চান, বিয়ের আনন্দ স্বাভাবিক ভাবে উপভোগ করতে এবং আলোকচিত্রী নীরবে সেই মুহূর্তগুলি ধরে রাখুন।

চলচ্চিত্রের অনুজ্জ্বল আমেজ

জ়োহরান মামদানি ও রামা দুয়াজির বিয়ের ছবি।

জ়োহরান মামদানি ও রামা দুয়াজির বিয়ের ছবি। ছবি: ইনস্টাগ্রাম

আলোর ঝলকানি, ঝকঝকে আবহ, একগাল হাসি, পোজ়, উজ্জ্বল মুহূর্ত— এই সমস্ত মুহূর্তের বাইরে গিয়ে চলচ্চিত্রের জগতে পৌঁছে যেতে চাইছেন বর-কনেরা। সেখানে কেবল আনন্দমুহূর্তই প্রতিফলিত হবে, তা নয়। আলোআঁধারি, অনুজ্জ্বল অথবা সিনেমার কোনও ঝলকের মতো দেখতে হবে ছবিগুলি। বাড়ছে নাটকীয়তার চাহিদা।

দিনের দিন

বিয়ের নানা মুহূর্ত পর্দায়।

বিয়ের নানা মুহূর্ত পর্দায়। — প্রতিনিধিত্বমূলক ছবি

এক দিকে বিয়ে চলছে, অন্য দিকে সেই বিয়ের ছবি দেখা যাচ্ছে বড় এক পর্দায়। বিয়ের নানা মুহূর্ত, অথবা পুরনো কোনও ছবিও সেখানে দেখা দিচ্ছে একের পর এক। প্রথমত, সকলে বিয়ের আসরের সামনে থাকেন না, তাঁরাও খানিক দূর থেকে দেখতে পাবেন। দ্বিতীয়ত, বসে বসে কেবল বিয়ে দেখার একঘেয়েমি কাটাতে পর্দায় নজর রাখেন কেউ কেউ। সব মিলিয়ে বিয়ের বিনোদনী আমেজ আরও বেড়ে যায়। কখনও আবার বিয়ের দিন অনুষ্ঠানে বসে বিয়ের দিনের সকাল বা প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের ছবি বা ভিডিয়ো একটানা চলতে থাকে। ভাল করে এডিট করে নিলে সিনেমার মতো উপভোগ করা যায়।

উড়ন্ত ক্যামেরা

ড্রোনে তোলা হচ্ছে বিয়ের ছবি ও ভিডিয়ো।

ড্রোনে তোলা হচ্ছে বিয়ের ছবি ও ভিডিয়ো। — প্রতিনিধিত্বমূলক ছবি

ড্রোনের ব্যবহারও ক্রমশ বাড়ছে। উপর থেকে তোলা ছবি ও ভিডিয়োতে বিয়ের মণ্ডপ, সাজসজ্জা, অতিথিদের সমাগম এবং অনুষ্ঠানের ব্যাপ্তি এক অন্য মাত্রা পায়। বিশেষ করে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বা বড় আয়োজনের ক্ষেত্রে এই ধরনের দৃশ্য এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।

Wedding Photography Wedding Photoshoot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy