দু’দিনে সূচক পড়ল প্রায় ৫০০ পয়েন্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ফের বড় মাপের পতন হল শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স পড়ে গেল ২৯৭.৮৫ অঙ্ক। এই নিয়ে টানা দু’দিনে সূচক পড়ল প্রায় ৫০০ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ২৭,২০৮.৬১ অঙ্কে। এ দিন টাকার দামও ডলারের সাপেক্ষে পড়েছে ২৩ পয়সা। প্রতি ডলারের দাম হয়েছে ৬৩.৫১ টাকা। টাকাও গত কয়েক দিন ধরেই পড়ছে। এই ভাবে চলতে থাকলে তার বিরূপ প্রভাব শেয়ার বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাজার সূত্রে খবর, মূলত মুনাফা তোলার জন্য শেয়ার বিক্রির জেরেই সূচক পড়ছে। বস্তুত, এক সপ্তাহ আগে সূচক যখন দ্রুত অনেকটা পড়েছিল, তখন অনেকে পড়তি বাজারে শেয়ার কিনতে নেমেছিলেন। যার জেরে মাত্র দিন পাঁচেকের লেনদেনেই সেনসেক্স ১,০০০ পয়েন্টেরও বেশি ওঠে। সূত্রের খবর, এখন কিছুটা অনিশ্চিত বাজারে ওই সব লগ্নিকারীই শেয়ার বেশি দিন ধরে রাখার সাহস পাচ্ছেন না। এ ছাড়া, যাদের লগ্নির দৌলতে ভারতের শেয়ার বাজারে এত রমরমা, সেই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও বেশ কিছু দিন ধরে টানা শেয়ার বিক্রি করছে। সূচক নামার এটিও অন্যতম কারণ।
অধিগ্রহণে সায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মধ্যপ্রদেশে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস-এর কয়েকটি সিমেন্ট কারখানা কিনে নেওয়ার জন্য বুধবার পরিচালন পর্ষদের অনুমতি পেল আলট্রা-টেক সিমেন্ট। অধিগ্রহণটি মোট ৫,৪০০ কোটি টাকায় হবে বলে জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থা আলট্রা-টেক। তাদের দাবি, এই অধিগ্রহণ সম্পূর্ণ হলে ভারতে সংস্থার সিমেন্ট উৎপাদন ক্ষমতা বছরে অনেকটাই বাড়বে। তবে এখনও লেনদেন সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখা বাকি। লাগবে সংশ্লিষ্ট আরও কিছু নিয়ন্ত্রকের অনুমোদনও।