ইন্টারনেটে ফোন করার মাসুল ঘোষণা এয়ারটেলের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
ইন্টারনেটে স্কাইপ বা লাইনের মতো অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করে ফোন করার নয়া ব্যবস্থার মাসুল হার প্রকাশ করল এয়ারটেল। এতে প্রি-পেড সংযোগে ৭৫ টাকা দিয়ে রিচার্জ করে ৭৫ এমবি ‘ডেটা’ খরচের সমতুল্য সময় কথা বলা যাবে বলে দাবি সংস্থার। দেশ জুড়ে ধাপে ধাপে এই মাসুল চালু করবে সংস্থা। সে ক্ষেত্রে আগামী দিনে পোস্ট-পেড সংযোগেও তা আনা হবে। তবে সংস্থার দাবি, ২৪ ডিসেম্বরের আগে যাঁরা নেট-রিচার্জ করিয়েছেন, তাঁরা ওই প্রকল্প শেষ হওয়া পর্যন্ত পুরনো ব্যবস্থাই ব্যবহার করতে পারবেন। এয়ারটেলের এই সিদ্ধান্ত অবশ্য খতিয়ে দেখার কথা জানিয়েছেন টেলিকম মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। বিষয়টির উপর নজর রাখছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই-ও।
জাপানের ব্যাঙ্ক ব্যবসা বিক্রি করে দিচ্ছে সিটি
সংবাদ সংস্থা • টোকিও
বিশ্ব জুড়ে নিজেদের ক্রেতা পরিষেবা ব্যবসা ছোট করে আনার লক্ষ্যে এ বার জাপানের ব্যাঙ্কিং ব্যবসা বিক্রির পথে সিটিগ্রুপ। সংস্থা জানিয়েছে, তাদের শতাব্দী প্রাচীন ব্যাঙ্কটি বিক্রি করা হচ্ছে জাপানি ব্যাঙ্ক বহুজাতিক সুমিতোমো মিৎসুই-কে। হস্তান্তরের আর্থিক খুঁটিনাটি এখনও প্রকাশ করা হয়নি। তবে জাপানি সংবাদ মাধ্যম সূত্রের খবর, হিসাব অনুযায়ী প্রায় ৩৩.৩০ কোটি ডলারে হতে পারে এই হাতবদল। সে ক্ষেত্রে চুক্তি অনুযায়ী, সুমিতোমোর শাখা এসএমবিসি (সুমিতোমো মিৎসুই ব্যাঙ্কিং কর্পোরেশন) ট্রাস্ট ব্যাঙ্ক জাপানে সিটিগ্রুপের ব্যাঙ্কিং ব্যবসা হাতে নেবে। যার মধ্যে আছে ৩২টি শাখা ব্যাঙ্ক, ৭ লক্ষ ৪০ হাজার গ্রাহক, ১,৬০০ জন কর্মী ও প্রায় ২.৫ লক্ষ কোটি ইয়েন মূল্যের আমানত। ২০১৫ সালের মধ্যেই হাতবদল সম্পূর্ণ হবে বলে আশা।
মাদক ছাড়াতে প্রশিক্ষণ
মাদকাসক্তদের স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনতে অ-সরকারি সংস্থা মুক্তি রিহ্যাবিলিটেশন সেন্টারের হাত ধরল ইনস্টিটিউট অব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট (আইএইচআরএম)। ৬ জানুয়ারি যৌথ উদ্যোগে একটি বিশেষ পাঠ্যক্রম চালু করছে তারা। এই ‘দ্য ডিলাইট অব ইন্ডিয়ান স্ন্যাকস’ পাঠ্যক্রমে মাদকাসক্তদের হাতেকলমে রান্নার প্রশিক্ষণ দেওয়া হবে। যার শেষে মিলবে সার্টিফিকেট।
সওয়ারি সান্তা। বড়দিন উপলক্ষে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়তে
টোকিও-র রাস্তায় হার্লে-ডেভিডসন বাইকের সারি। চালকের আসনে
সান্তাক্লজের সাজে ‘হার্লে সান্তা ক্লাব’-এর ৫০০ আরোহী। ছবি: এএফপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মাইক্রোসফটের কর্ণধার সত্য নাদেল্লা।
জানালেন, মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পে সামিল হতে চান তাঁরা। ইন্টারনেট পৌঁছে
দিতে চান দেশের প্রতিটি প্রান্তে। কেন্দ্রেরও দাবি, ভবিষ্যতে ভারতে আরও বেশি
লগ্নি করতে চায় মাইক্রোসফট। ছবি: পিটিআই।