যুদ্ধ থামানো নিয়ে আলোচনায় ইরান-আমেরিকা একমত হতে পারেনি। পাকিস্তান থেকে শূন্য হাতে ফিরেছেন দু’দেশের প্রতিনিধিরা। সোমবারের বাজারে সেই মতৈক্য তৈরি না হওয়ার প্রভাব প্রকট হল। বিশ্ব বাজারে ফের অশোধিত তেল ছাড়াল ব্যারেলে ১০০ ডলারের সীমা। শেয়ার বাজার ধাক্কা খেয়ে পড়ল। ডলারের সাপেক্ষে ফের বিরাট হোঁচট খেল টাকার দাম।
পরস্পরের দাবিতে আমেরিকা-ইরান সায় না দেওয়ায় পশ্চিম এশিয়া আরও অশান্ত হওয়ার আশঙ্কা। যার ইঙ্গিত দিয়ে এর মধ্যেই হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচল পুরো রুখে দিতে নৌবাহিনী কাজে লাগানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে জোগান আটকে যাওয়ার আশঙ্কায় অশোধিত তেল ১০০ ডলারে পেরিয়েছে। অস্থির হয়েছে শেয়ার বাজার। সেনসেক্স মাথা নামিয়েছে ৭০২.৬৮ পয়েন্ট ও নিফ্টি ২০৭.৯৫। এ দিন লেনদেনের শুরুতে ১৬৮১ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। সারা দিনের দোলাচল শেষে থামে ৭৬,৮৪৭.৫৭ অঙ্কে। নিফ্টি দিন শেষ করে ২৩,৮৪২.৬৫-তে। পাশাপাশি, লগ্নিকারীদের ডলারের চাহিদা টেনে তুলেছে তার দামকে। টাকাকে টেনে নামিয়ে ডলার দাঁড়িয়েছে ৯৩.৩৫ টাকা। ৫২ পয়সা বেশি।
বিশেষজ্ঞদের একাংশের অবশ্য দাবি, সূচক নামলেও পড়তি বাজারে কম দামে ভাল শেয়ার কেনার চাহিদা তাকে টেনে তুলছে। যদিও চিন্তা বাড়াচ্ছে টাকা। তাঁদের দাবি, তেলের দাম উঠতে এবং টাকা নামতে থাকলে আমদানি খরচ আরও বাড়বে। ফলে সব মিলিয়ে মূল্যবৃদ্ধিতে প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। সোমবারই সরকারি পরিসংখ্যান জানিয়েছে মার্চে তা কিছুটা মাথা তুলেছে ফেব্রুয়ারির তুলনায়।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীও জানাচ্ছেন, ‘‘হরমুজ় খোলা নিয়ে নিশ্চিত বার্তা মেলেনি, বরং অনিশ্চয়তা বেড়েছে। তার উপরে যুদ্ধে সমঝোতায় পৌঁছতে পারেনি আমেরিকা-ইরান। ফলে লগ্নিকারীরা চিন্তিত। তাই দিনের শুরুতে শেয়ার বেচতে থাকেন তাঁরা। পরে পড়তি বাজারে আবার কিছু নির্দিষ্ট শিল্পের শেয়ারের চাহিদা সেনসেক্স, নিফ্টিকে কিছুটা টেনে তুলেছে।’’
আইসিইএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্তের মতে, ‘‘পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে বৈঠক ব্যর্থ হওয়া, হরমুজ় বন্ধের হুমকি এবং অশোধিত তেলের দরই টাকাকে ধাক্কা দিয়েছে। ভারতের বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি এবং আমদানি খরচ বাড়লে অর্থনীতি ধাক্কা খাওয়ার আশঙ্কা এতে ইন্ধন জুগিয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)