Advertisement
E-Paper

‘সকলের সময়ের সমান গুরুত্ব আছে’, আট ঘণ্টা কাজ নিয়ে বিতর্কের মাঝে তেলুগু ইন্ডাস্ট্রির সুবিধা তুলে ধরলেন জাহ্নবী

গত কয়েক মাস ধরেই বলিউডে বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোন স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। সেই নিয়ে তুমুল আলোচনা ও বিতর্ক হয়। এ বার তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজের সময় নিয়ে কী বললেন জাহ্নবী কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:৫১
তেলুগু ইন্ডাস্ট্রি নিয়ে কী মত জাহ্নবীর?

তেলুগু ইন্ডাস্ট্রি নিয়ে কী মত জাহ্নবীর? ছবি: সংগৃহীত।

মুক্তির অপেক্ষায় জাহ্নবী কপূরের দ্বিতীয় তেলুগু ছবি, ‘পিদ্দী’। রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবির প্রচারে এসে সম্প্রতি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অভিনেত্রী। তাঁর মতে, মুম্বইয়ের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সময়সূচি ও শৃঙ্খলার প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।

এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, “তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির যে বিষয়টি আমার সবচেয়ে বেশি পছন্দের, তা হল সকলের কাজের সময়ের সম্মান করেন তাঁরা। শুধু অভিনেতাদের নয়, টেকনিশিয়ান ও কলাকুশলীদের কাজের সময়কেও তাঁরা সমান গুরুত্ব দেন।” অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন খাওয়াদাওয়া, বিশ্রাম এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হয় তেলুগু ইন্ডাস্ট্রিতে। সাধারণত দুপুরের খাবারের জন্য প্রায় ৪০ মিনিট সময় দেওয়া হয়, তার পর কিছুটা বিশ্রাম অথবা ছোট্ট করে ঘুমিয়ে নেওয়ারও সুযোগ থাকে।

মুম্বইয়ের কাজের পরিবেশের সঙ্গে তুলনা টেনে জাহ্নবী বলেন, “বলিউডে কখনও কখনও এ গুলোর ক্ষেত্রে আপস করা হয়।” হিন্দি ইন্ডাস্ট্রিতে সব সময় কাজের সময়সীমা এত কঠোর ভাবে মানা হয় না বলেই মত তাঁর। রাতে শুটিংয়ের ক্ষেত্রেও আলাদা অভিজ্ঞতার কথা জানান তিনি। অভিনেত্রীর কথায়, “রাতের শুটিং ২টোর মধ্যে শেষ হয়েই যায়। ফলে বিশ্রামের সময় পাওয়া যায়। ফলে আমার মনে হয়েছে, দক্ষিণে এই সমস্ত ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হয়। মুম্বইয়ে মনে হয়, কোন ছবির সেটে রয়েছি, তার উপরে অনেক কিছু নির্ভর করে।”

এ ছাড়া তেলুগু ছবির শুটিংয়ে খুব কম ক্ষেত্রেই তাঁকে ১২ ঘণ্টা কাজ করতে হয়েছে বলেও জানান জাহ্নবী। অধিকাংশ দিনই নাকি ৯ থেকে ১০ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যেত। তাঁর মতে, এই পরিকল্পিত ও সুশৃঙ্খল কাজের পরিবেশ দীর্ঘমেয়াদে সকলের জন্যই স্বাস্থ্যকর।

গত কয়েক মাস ধরেই মুম্বইয়ে দৈনিক শুটিংয়ের সময় নিয়ে বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোন স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। সেই নিয়ে তুমুল আলোচনা ও বিতর্ক হয়। নিজের এই নতুন শর্তের জন্য একাধিক ছবি থেকে বাদও পড়েন তিনি। এ নিয়ে নানা মানুষ নানা মন্তব্য করেছেন। সেই বিতর্কের মধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে জাহ্নবীর মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমালোচকেরা।

Janhvi Kapoor Telugu Industry Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy