চলতি সপ্তাহে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরিকল্পনা করছেন? সেই আবেদনের জন্য দিন তিনেক অপেক্ষা করতে হতে পারে বেসরকারি সংস্থার কর্মচারীদের। কারণ এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও) ব্যবস্থার উন্নতি ও প্রযুক্তিগত সংস্কারণের জন্য গুরুত্বপূর্ণ অনলাইন পোর্টাল পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিএফও জানিয়েছে, সিস্টেম আপগ্রেডের কারণে নির্দিষ্ট সময়ের জন্য কিছু পরিষেবা ব্যবহার করা যাবে না। এর ফলে গ্রাহকের অনলাইন ক্লেম জমা দেওয়া, তোলার আবেদন এবং সংশ্লিষ্ট কিছু পরিষেবা পেতে সাময়িক অসুবিধা সম্মুখীন হতে পারেন। ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত পোর্টালের বেশ কিছু পরিষেবা সাময়িক ভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে সংস্থা।
বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জানিয়েছে, টাকার লেনদেন প্রক্রিয়াকরণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য পরিকল্পিত তথ্যভান্ডারের একত্রীকরণ (ডেটাবেস মাইগ্রেশন) এবং সফ্টঅয়্যার সংস্করণের কাজ শুরু হবে।
ইপিএফও জানিয়েছে, গ্রাহকদের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, নিরাপদ ও মসৃণ করার জন্য উন্নত সংস্করণ আনতে চলেছে তারা। এই কাজ চলার সময় কিছু অনলাইন পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হতে পারে বলে আগেভাগেই সতর্ক করা হয়েছে। এই অস্থায়ী শাটডাউনটি ২৬ জুন রাত ১২:০০ টায় শুরু হবে। ২৮ জুন, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত চলবে। ইপিএফও আশা করছে যে, ২৯ জুন থেকে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। এই তিন দিন গ্রাহকেরা পোর্টালের মাধ্যমে লেনদেনের আবেদন জমা দিতে পারবেন না। সমস্ত প্রক্রিয়া সংক্রান্ত পরিষেবাও বন্ধ থাকবে।
ইপিএফও এ-ও স্পষ্ট করেছে যে ‘মাইগ্রেশন পিরিয়ডের’ আগে জমা হওয়া দাবিগুলি বাতিল বা প্রত্যাখ্যান করা হবে না। এগুলির প্রক্রিয়াকরণে বিলম্ব হতে পারে। সংস্থাটি জানিয়েছে, আপগ্রেড সম্পন্ন হওয়ার পর পরিষেবা পুনরায় চালু হলে এই অমীমাংসিত দাবিগুলো বিবেচনা করা হবে। এই সাময়িক পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সদস্যের অসুবিধা হতে পারে। এই প্রযুক্তিগত আপগ্রেড সম্পন্ন হলে দাবি প্রক্রিয়াকরণ ব্যবস্থার গতি, নির্ভুলতা এবং সামগ্রিক কার্যকারিতা আরও উন্নত হবে বলে আশা করছে ইপিএফও।