E-Paper

এইচডিএফসি থেকে কেন আচমকা পদত্যাগ? অবশেষে মুখ খুললেন অতনু

এইচডিএফসি ব্যাঙ্কের কিছু ঘটনাকে ব্যবস্থাগত ত্রুটি বা ‘টেকনিক্যাল মিসটেক’ বলে মন্তব্য করছেন ব্যাঙ্কটির সিইও। অতনুর দাবি, এই মন্তব্যের সঙ্গে তিনি একমত নন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৬:৫৮
পদত্যাগ করেন এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান অতনু চক্রবর্তী।

পদত্যাগ করেন এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান অতনু চক্রবর্তী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নীতিগত সমস্যার যুক্তি তুলে ধরে এইচডিএফসি ব্যাঙ্কের আংশিক সময়ের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অতনু চক্রবর্তী। কিন্তু তাঁর পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণের কথা খোলসা করেননি। এ বার মুখ খুললেন। সম্প্রতি একটি ইংরাজি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও একটু স্পষ্ট করে তিনি জানান, চূড়ান্ত ওই পদক্ষেপের কারণ মূলত সংস্থার কিছু কার্যকলাপের সঙ্গে মতাদর্শগত দিক থেকে মানিয়ে নিতে না পারা। তাঁর দাবি, ভুল শোধরানোর পদক্ষেপ ঠিক সময় করা হচ্ছিল না। যেটা ব্যাঙ্কের আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের জন্য অত্যন্ত জরুরি। তাঁদের স্বার্থে অন্যায় আটকানোর আগাম ব্যবস্থাও করে রাখা উচিত। অতনুর কথায়, ‘‘কোনও একটি বিশেষ ঘটনা নয়। গত দু’বছর ধরে ঘটা একাধিক ঘটনার সঙ্গে মানিয়ে নিতে সায় দিচ্ছিল না আমার মূল্যবোধ। সেটাই পদত্যাগের কারণ।’’

এই প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন এইচডিএফসি ব্যাঙ্কের দুবাই শাখার ঘটনার কথা। সম্প্রতি শাখাটিতে নতুন গ্রাহক নেওয়ায়‌ নিষেধাজ্ঞা বসিয়েছে দুবাইয়ের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক। অভিযোগ, গ্রাহকদের ভুল বুঝিয়ে বিশেষ ধরনের ঝুঁকিপূর্ণ বন্ড বিক্রি করা হয়েছিল ২০১৮ সালে। বিষয়টিতে জড়িত প্রায় ডজনখানেক উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করেন এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাক্ষাৎকারে অতুন বলেছেন, ‘‘এটা ঠিক যে, ওই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু ‌ঘটনার এত দিন পরে কেন শাস্তির বিধান দেওয়া হল? তা ছাড়া, ঘটনা ঘটার পরে পদক্ষেপ করার থেকে এমন ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য আগাম পদক্ষেপ করাই ব্যাঙ্কের আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে।’’

এইচডিএফসি ব্যাঙ্কের কিছু ঘটনাকে ব্যবস্থাগত ত্রুটি বা ‘টেকনিক্যাল মিসটেক’ বলে মন্তব্য করছেন ব্যাঙ্কটির সিইও। অতনুর দাবি, এই মন্তব্যের সঙ্গে তিনি একমত নন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

HDFC Bank HDFC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy