E-Paper

বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি লগ্নির পরিবেশ নিয়েও আলোচনা, ওমানের সঙ্গে বৈঠকে ভারত

সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকার শুল্ক থেকে বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতকে মোক্ষম শিক্ষা দিয়েছে। একটি-দু’টি দেশের উপর বাণিজ্য নির্ভরতা যে দুর্ভোগ ডেকে আনতে পারে, তা ঠেকে শিখেছে নয়াদিল্লি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:২৭
বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

আমেরিকার চড়া শুল্কে যখন ধাক্কা খেতে শুরু করেছিল ভারতের রফতানি বাণিজ্য, তখন থেকেই বিকল্প বাজার খুঁজতে শুরু করে নয়াদিল্লি। সোমবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, এ বার তাঁদের অন্যতম নিশানা ওমান। সেই লক্ষ্যে সে দেশের বাণিজ্যমন্ত্রী আনওয়ার বিন হিলাল বিন হামদৌন আল জাবরির সঙ্গে এ দিন কথা হয়েছে তাঁর। যাতে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি চাঙ্গা হয় পারস্পরিক লগ্নির পরিবেশ। গত কয়েক দিনে গয়াল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং কুয়েতের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গেও এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকার শুল্ক থেকে বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতকে মোক্ষম শিক্ষা দিয়েছে। একটি-দু’টি দেশের উপর বাণিজ্য নির্ভরতা যে দুর্ভোগ ডেকে আনতে পারে, তা ঠেকে শিখেছে নয়াদিল্লি। ফলে বিশ্ব জুড়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে মরিয়া তারা। এ দিন সমাজমাধ্যমে গয়াল লিখেছেন, ‘‘টেলিফোনে ওমানের বাণিজ্য, শিল্প এবং লগ্নি উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ভারত-ওমান পারস্পরিক উন্নতির জন্য সিইপিএ-র অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং লগ্নি সংক্রান্ত গাঁটছড়া কী করে আরও পোক্ত করা যায়, তাই নিয়ে আলোচনা করেছি।’’

সিইপিএ হল ‘কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’। চুক্তিটি গত ডিসেম্বরে মাসকটে সই হয়েছে। তবে এখনও কার্যকর হয়নি। এই চুক্তি ভারত থেকে ওমানে ৯৮% পণ্যের রফতানিকে শুল্কমুক্ত করবে। তাতে রয়েছে বস্ত্র, কৃষি ও চামড়ার পণ্য ইত্যাদি। অন্য দিকে, ভারতও ওমানের থেকে খেজুর, মার্বেল, পেট্ররাসায়নিকের মতো পণ্য আমদানির ক্ষেত্রে কমাবে শুল্কের হার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Piyush Goyal Oman Indian Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy