E-Paper

সুযোগ বাড়বে চামড়া রফতানির, সোমবার মুক্তো বাণিজ্যচুক্তিতে সই করবে ভারত-নিউ জ়িল্যান্ড

বিশেষত সুযোগ খুলছে আগ্রার চামড়ার পণ্য রফতানিকারীদের সামনে। চুক্তিটি সই হওয়ার পরে নিউ জ়িল্যান্ডের বাজারে ১০০% ভারতীয় পণ্য শুল্ক ছাড়া প্রবেশের অধিকার পাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৪৪
বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের সঙ্গে সোমবার ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা। তার আগে রবিবার আগ্রায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের বার্তা, এই চুক্তি এ দেশের সংস্থাগুলির জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করছে। বিশেষত সুযোগ খুলছে আগ্রার চামড়ার পণ্য রফতানিকারীদের সামনে। চুক্তিটি সই হওয়ার পরে নিউ জ়িল্যান্ডের বাজারে ১০০% ভারতীয় পণ্য শুল্ক ছাড়া প্রবেশের অধিকার পাবে। আগ্রা চামড়ার জুতোর জন্য বিশ্বখ্যাত। মূলত ক্ষুদ্র-মাঝারি সংস্থাগুলি দেশের প্রায় ৭৫% চামড়ার জুতো তৈরি করে সেখানে। এ দিন গয়ালের বার্তার মূল লক্ষ্য ছিল তারা।

নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এ দিন সমাজমাধ্যমে লিখেছেন, সোমবার রাতে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে। সঙ্গে একটি ভিডিয়ো দিয়ে এর সম্ভাব্য সুবিধাগুলিও তুলে ধরেছেন তিনি। বলেছেন, ‘‘ভারতের সঙ্গে এই চুক্তি হলেই কিউয়ি রফতানিকারীদের সামনে বিশ্বের বৃহত্তম বাজারের দরজা খুলে যাবে।’’

রবিবার সে দেশের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকক্লে-র সঙ্গে আগ্রা যান গয়াল। সেখানে চামড়া এবং খেলাধূলার পণ্য-সহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, এই মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় রফতানিতে ১০০% শুল্ক ছাড়ের সুবিধা রয়েছে। আর ৯৫% নিউ জ়িল্যান্ডের আমদানিতে হয় তা তুলে নেওয়া হয়েছে কিংবা বিপুল কমানো হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

New Zealand Trade Deals Piyush Goyal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy