E-Paper

ভোডাফোনের হাতবদল? ধুঁকতে থাকা সংস্থার মালিকানা পেতে আগ্রহী জিন্দল গোষ্ঠী

ভি-র সিংহভাগ অংশীদারি (৪৯%) এখন কেন্দ্রের হাতে। সেটা বিক্রি করার বার্তা অনেক বারই দিয়েছে তারা। সূত্রের দাবি, ওই ৪৯% বা তার সিংহভাগ কিনতে পারে জিন্দলরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:৪৭

—প্রতীকী চিত্র।

ধুঁকতে থাকা ভোডাফোন আইডিয়াকে (ভি) কিনে নিতে আগ্রহী জেএসডব্লিউ গোষ্ঠী, খবর সূত্রের। জানা গিয়েছে, সংস্থাটির বড় অংশ অধিগ্রহণ করতে গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল ৪৫,০০০-৬০,০০০ কোটি টাকা পর্যন্ত লগ্নি করতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভি-র অন্যতম অংশীদার আদিত্য বিড়লা গোষ্ঠীর অবশ্য দাবি, কারও সঙ্গে হাতবদল সংক্রান্ত কোনও আলোচনা হচ্ছে না।

ভি-র সিংহভাগ অংশীদারি (৪৯%) এখন কেন্দ্রের হাতে। সেটা বিক্রি করার বার্তা অনেক বারই দিয়েছে তারা। সূত্রের দাবি, ওই ৪৯% বা তার সিংহভাগ কিনতে পারে জিন্দলরা। সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে এ ভাবেই কোথাও না থেকেও শেষ পর্যন্ত এমজি মোটরসের দায়িত্ব হাতে নিয়েছিল জিন্দলরা। এখানেও সরকারের পুরো অংশীদারি কিনে নিলে ভি-র সিংহভাগ মালিকানা পাবে তারাই। তবে শেষ পর্যন্ত বিড়লাদের অধিকার খর্ব হবে কি না, তা স্পষ্ট নয়। কারণ, এখন সরকারের সিংহভাগ শেয়ার থাকলেও ভি-র নিয়ন্ত্রণ বিড়লাদের হাতেই।

বিশেষজ্ঞদের মতে, জেএসডব্লিউ টেলিকমে চলে আসলে এই ক্ষেত্র আখেরে উপকৃতই হবে। কারণ, বড় শিল্প গোষ্ঠীর হাত ধরে পরিষেবা উন্নত হবে। তবে সূত্র বলছে, সরকার ভি-র বকেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে যা হওয়ার তা হবে। কারণ যে পরিমাণ বকেয়া রয়েছে সংস্থার ঘাড়ে, তা মেটানো এবং ব্যবসার ভবিষ্যৎ রূপরেখা দেখে তবেই এগোবেন সজ্জন। এখন দেখার, কবে এই নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Vodafone Idea

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy