বছর চারেক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল পেট্রোল ইঞ্জিনচালিত ইনোভা তৈরি। এত দিন বাদে ফের তা ভারতের বাজারে আনল টয়োটা কির্লোস্কর মোটর।
গত ডিসেম্বরে দূষণ ঠেকাতে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ২ লিটার বা ২০০০ সিসি-র চেয়ে বড় ডিজেল গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। এর ফলে টয়োটা, মহীন্দ্রা, মার্সিডিজ বেঞ্জ-এর মতো সংস্থাগুলির অনেক গাড়ি বিক্রি বন্ধ হয়ে যায়। যে কারণে আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের সব গাড়িতেই পেট্রোল ইঞ্জিন মিলবে বলে জানিয়েছে মার্সিডিজ বেঞ্জ। মহীন্দ্রাও পেট্রোল ইঞ্জিন তৈরির উপর জোর দিচ্ছে। আর এ বার সেই পথে হাঁটল টয়োটা। অবশ্য পেট্রোলচালিত ইনোভা বাজারে আনার কথা আগেই জানিয়েছিল এই জাপানি বহজাতিকটি।
গত মে মাসে ডিজেল ইঞ্জিনের নতুন ‘ইনোভা ক্রিস্টা’ বাজারে আনে টয়োটা। সোমবার তারই পেট্রোল সংষ্করণ আনল তারা। ২.৭ লিটারের এই গাড়িটির বুকিং আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে। তবে তার চাবি হাতে মিলবে এ মাসের শেষ থেকে। পাওয়া যাবে হাতে করে গিয়ার বদল (ম্যানুয়াল) ও স্বয়ংক্রিয় (অটোমেটিক) প্রযুক্তি— দু’ধরনের গাড়িই।
২০০৫ সালে যখন এ দেশে ইনোভা প্রথম বাজারে আনে টয়োটা, তখন পেট্রোল ও ডিজেল, দু’ধরনের ইঞ্জিনই মিলত। কিন্তু চাহিদা কমায় ২০১২ সালে পেট্রোল ইঞ্জিনের ইনোভা তৈরি বন্ধ করে দেয় সংস্থাটি।
এ বার ফের পেট্রোল ইঞ্জিন বাজারে আনার পিছনে যে নিষেধাজ্ঞা অন্যতম একটি কারণ, তা স্পষ্ট সংস্থার অন্যতম কর্তা এন রাজার কথাতেও। তিনি বলেন, ‘‘গোটা দেশের বাজারই আমাদের লক্ষ্য। তবে দিল্লি ও সংলগ্ন এলাকার ক্রেতা, ডিলারদের সমস্যারও সমাধান করতে চাই। সেখানে গত ৮ মাসে এই গাড়ি বেচতে পারিনি।’’ নিষেধাজ্ঞার জেরে পেট্রোল গাড়ির চাহিদা বাড়ছে বলেও জানান তিনি।