তিন দিনের মধ্যে একশো আশি ডিগ্রি ঘুরে রাশিয়ার তেল কেনার উপরে থাকা নিষেধাজ্ঞায় ছাড় আরও এক মাস বাড়াতে রাজি হল আমেরিকা। জানাল, ১৭ এপ্রিল পর্যন্ত সমুদ্রে বিচরণ করা রুশ তেলবাহী জাহাজ থেকে ১৬ মে পর্যন্ত তা কিনতে পারবে ভারত-সহ অন্য দেশগুলি। ফলে আপাতত ফের কিছুটা স্বস্তিতে এ দেশের মতো বিপুল হারে তেল আমদানিকারীরা। পশ্চিম এশিয়ার যুদ্ধে বন্ধ হওয়া হরমুজ় প্রণালী যাদের জোগান বহাল রাখা নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে।
এর আগে সূত্রের খবর ছিল, আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছাড়ের মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলেছেন। এই ছাড় ইতিবাচক বলেও সহমত হয়েছেন তাঁরা। তার পরেই গত বুধবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে বেসেন্ট স্পষ্ট জানিয়ে দেন, এক বার ছাড় শেষ হওয়ার পরে তার মেয়াদ আর বাড়ানো হবে না। সেই বার্তার পরে সপ্তাহ শেষের আগেই ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, ছাড় আরও এক মাস।
ইরান যুদ্ধ শুরুর পরে বিশ্ব বাজারে তেলের জোগান ধাক্কা খাওয়ায় এবং তার দাম চড়ায় প্রথম বার গত ৫ মার্চ ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছিল আমেরিকা। সেই তেল, যা আমদানির জন্য গত বছর ভারতীয় পণ্যে ২৫% শুল্ক চাপান ট্রাম্প। পরে অন্যান্য দেশকেও রুশ তেল কেনায় ছাড়া দেন। আগের দফায় সমুদ্রে ভাসমান প্রায় ১৪ কোটি ব্যারেল মস্কোর তেল কেনার সুযোগ তৈরি হয়েছিল দেশগুলির সামনে। যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়েছে।
এ দিকে, ১৯ তারিখ শেষ ইরানের তেল কেনায় আমেরিকার নিষেধাজ্ঞায় ছাড়ের সময়সীমা। ২০১৯-এর পরে এই প্রথম কড়াকড়ি শিথিল হওয়ার সুবাদে তেহরান থেকে তেল কিনেছে নয়াদিল্লি। এখন দেখার সেই ছাড়ের মেয়াদও ট্রাম্প বাড়ান কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)