E-Paper

সামনে পঞ্জাব, হরিয়ানার মতো ছোট রাজ্যও! বিদেশি লগ্নি টানার দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ

তথ্য বলছে, গত বছর জানুয়ারি-সেপ্টেম্বরে রাজ‍্যে বিদেশি লগ্নির প্রস্তাব এসেছে প্রায় ২৮.৩ কোটি ডলারের (প্রায় ২৪৬৩ কোটি টাকা)। সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ুতে এসেছে যথাক্রমে ১৩৫১ কোটি, ১১৫২ কোটি ও ৪৩৫ কোটি ডলারের।

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০

— প্রতীকী চিত্র।

নিজেদের রাজ‍্যে প্রত‍্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) টানতে নিরন্তর জোর প্রতিযোগিতা চলে রাজ‍্যগুলির মধ‍্যে। অথচ তাতে ক্রমশই পিছিয়ে পড়ছে বাংলা। রিজ়ার্ভ ব‍্যাঙ্কের তথ‍্যে ভিত্তি করে বাণিজ‍্য মন্ত্রকের প্রকাশিত ক্রমতালিকায় দেখা যাচ্ছে ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত এফডিআই টানায় পশ্চিমবঙ্গ রয়েছে দেশে দ্বাদশ স্থানে। বাংলার আগে রয়েছে পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানার মতো রাজ‍্যও। শিল্প মহলের একাংশের মতে, বিদেশি লগ্নি মূলত সেই জায়গাতেই যায়, যেখানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, সংস্থার নিরাপত্তা ও শান্তি রয়েছে। সে দিক থেকে অন্য রাজ্যগুলি বাংলার থেকে এগিয়ে। তারই ফল দেখা গিয়েছে ক্রমতালিকায়।

তথ্য বলছে, গত বছর জানুয়ারি-সেপ্টেম্বরে রাজ‍্যে বিদেশি লগ্নির প্রস্তাব এসেছে প্রায় ২৮.৩ কোটি ডলারের (প্রায় ২৪৬৩ কোটি টাকা)। সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ুতে এসেছে যথাক্রমে ১৩৫১ কোটি, ১১৫২ কোটি ও ৪৩৫ কোটি ডলারের। দিল্লি (৩৯৪ কোটি), হরিয়ানা (৩৫৩ কোটি), গুজরাত (২৩৯ কোটি), তেলঙ্গানা (২০৬ কোটি), উত্তরপ্রদেশ (৮১.২ কোটি), রাজস্থান (৭৫.৪ কোটি), অন্ধ্রপ্রদেশও (৪৫ কোটি) এ রাজ্যের থেকে এগিয়ে। পিছনে রয়েছে কেরল (২২.১ কোটি), ছত্তীসগঢ় (১২ কোটি), মধ্যপ্রদেশ (৩.৮ কোটি)।

গত বছর জানুয়ারি-সেপ্টেম্বরে রাজ‍্যের মধ্যে সবচেয়ে বেশি এফডিআই প্রস্তাব পেয়েছে কলকাতা, ১৫৩৩ কোটি টাকার। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনা পেয়েছে ৭৫৩ কোটির। মেদিনীপুরে এসেছে ১১৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও হাওড়া পেয়েছে নামমাত্র। করোনার আগে ২০১৯ থেকেই বিদেশি লগ্নির মানচিত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে বাংলা। ২০১৯-এর অক্টোবর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ছ’বছরে এ রাজ্য রয়েছে একাদশে। এই সময়ের মধ‍্যে বঙ্গে প্রায় ২০৭.৭ কোটি ডলার বা ১৬,৪০৯ কোটি টাকার এফডিআই এসেছে। সেখানেই মহারাষ্ট্রে পেয়েছে প্রায় ৭.৮৯ লক্ষ কোটি টাকার প্রস্তাব।

রাষ্ট্রপুঞ্জের তথ্য জানাচ্ছে, ২০২৫-এ ভারতে এফডিআই ৭৩% বেড়ে পৌঁছেছে ৪৭০০ কোটি ডলারে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ১১২টি দেশ থেকে লগ্নি এসেছে। অথচ কেন্দ্রের তথ্য বলছে, তার নামমাত্র এসেছে পশ্চিমবঙ্গে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রাজ্য সরকারের বিদেশে রোড শো, বিদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ, শিল্প সম্মেলন প্রভৃতি উদ্যোগ যে কাজে আসেনি, তা স্পষ্ট। বরং অন্যান্য রাজ্য যেখানে অনেক উন্নতি করেছে, সেখানেই আগের থেকে বেশি লগ্নি টানলেও পিছিয়ে পড়েছে বাংলা।

শিল্প মহলের একাংশ বলছে, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাডু এমনকি হরিয়ানাও নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার দিক দিয়ে বাংলার চেয়ে এগিয়ে। এক শিল্পকর্তার কথায়, ‘‘রাজ্য এফডিআই টানতে যারপরনাই চেষ্টা করছে। কিন্তু জমি নীতি থেকে আইন-শৃঙ্খলা বা তোলাবাজি— এ সবের একাধিক অভিযোগ প্রায়শই সামনে আসে। তার প্রভাব তো লগ্নি প্রস্তাবের উপর থাকবেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Foreign investment West Bengal government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy