E-Paper

বাড়তে বাড়তে দাম প্রায় ১১৫ ডলার! বিশ্ববাজারে তেলের দাম স্বস্তি কাড়ছে ভারতের

ভোটের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির জল্পনা সরকার উড়িয়ে দিলেও, সাধারণ মানুষের দুশ্চিন্তা কমছে না। যে কারণে গত ১-২ দিনে বহু রাজ‍্যে আতঙ্কে পেট্রল-ডিজ়েল কেনার ধুম পড়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৭:৫০

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেলকে ১০৯ ডলারের কাছে ঠেলে তুলেছে সোমবার। পেট্রলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল-এর তথ্য বলছে, এপ্রিলে ভারত যে ‘বাস্কেট’ থেকে তা কিনছে, তার গড় দাম ১১৪.৫ ডলার। ফলে অস্বস্তি বাড়ছে সরকারি মহলে। প্রমাদ গুনছেন ক্রেতা। সূত্রের দাবি, ভোটের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির জল্পনা সরকার উড়িয়ে দিলেও, সাধারণ মানুষের দুশ্চিন্তা কমছে না। যে কারণে গত ১-২ দিনে বহু রাজ‍্যে আতঙ্কে পেট্রল-ডিজ়েল কেনার ধুম পড়েছে। তাতে অন্ধ্রপ্রদেশে ৪০০টির বেশি পাম্পে তেল শেষ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু পাম্পে তেল বিক্রির সীমা বেঁধে দিতে হয়। পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মার বার্তা, আতঙ্কের কিছু নেই। ভারতে যথেষ্ট পেট্রল, ডিজ়েল এবং রান্নার গ্যাস মজুত রয়েছে। তবে দাম বৃদ্ধি নিয়ে তিনি মুখ খেলেননি।

যদিও একাংশ মনে করাচ্ছেন, গত প্রায় চার বছর ধরে ভারতে পেট্রল ও ডিজ়েলের দাম স্থির। তেল বাদে প্রায় সমস্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। মোদী সরকারও তথ্য তুলে ধরে দাবি করেছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কায় পেট্রলে ২৫ টাকা এবং ডিজ়েলে ১০০ টাকা ক্ষতি গুনছে তেল সংস্থাগুলি। এই সবেই দাম বৃদ্ধির জল্পনা বাড়ছে।

কলকাতায় পেট্রল ও ডিজ়েলের দাম এখন যথাক্রমে ১০৫.৪১ এবং ৯২.০২ টাকা। হাজারের কাছাকাছি গৃহস্থের এলপিজি-ও। তবে সূত্রের আশঙ্কা, তেলের পাশাপাশি রান্নার গ্যাসের দামও মে মাসে ফের বাড়তে পারে। গত মাসে গৃহস্থালির সিলিন্ডার ৬০ টাকা বাড়ানো হয়েছিল। সেই সঙ্গে জোর দেওয়া হয় পাইপে রান্নার গ্যাস সরবরাহ বৃদ্ধিতে। এর প্রসারে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য গ্রাহকদের অতিরিক্ত সুবিধা বা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ রাজ্যে পাইপের গ্যাসের কাজ এখনও বিশ বাঁও জলে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

crude oil price West Asia World Market US-Israel vs Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy