Advertisement
E-Paper

যে সংস্থায় ৮৩ লক্ষ টাকা লগ্নি, সেই সংস্থারই স্টক বেচে ২.৪৮ কোটি! বিগ বি-র লেনদেনে ফের চাঙ্গা এই সংস্থার শেয়ার

ডিপি ওয়্যারসের স্টকে বড় রকমের লেনদেন করেছেন বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। তাঁর ওই পদক্ষেপের জেরে ফের চাঙ্গা হয়ে উঠেছে সংশ্লিষ্ট সংস্থাটির স্টক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:২৮
Amitabh Bachchan

বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)।

শেয়ারবাজারে শোরগোল! আচমকাই একটি সংস্থার বিপুল পরিমাণ স্টক বিক্রি করলেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। ডিপি ওয়্যারস লিমিটেডের ১ লক্ষ ২৩ হাজার ৬২২টি শেয়ার ছেড়ে দিয়েছেন তিনি। ওই সময় এর প্রতিটির দাম ছিল ২০০.৮৪ টাকা। শেয়ার বিক্রির জেরে ২.৪৮ কোটিরও বেশি টাকা ‘বিগ বি’র পকেটে ঢুকেছে বলে জানা গিয়েছে।

দীর্ঘ দিন ধরেই ডিপি ওয়্যারসের স্টকে লগ্নি করে আসছেন অমিতাভ। সংস্থাটির শেয়ার বিক্রির পাশাপাশি খুচরো বিনিয়োগকারী হিসাবে একটি পৃথক লেনদেনের মাধ্যমে তাদেরই ৪১ হাজার ৫৬৬টি ইক্যুইটি কিনেছেন তিনি, যার প্রতিটির দাম ১৯৯.৯০ টাকা। ফলে এই পর্যায়ে ডিপি ওয়্যারসে ‘শাহেনশা’র লগ্নির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ লক্ষ টাকা।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, গত চারটি ত্রৈমাসিক ধরে ডিপি ওয়্যারসের ২.১১ শতাংশ অংশীদারি রয়েছে অমিতাভের হাতে। শেয়ার সংখ্যার নিরিখে সেটা ৩ লক্ষ ২৭ হাজার ৫৯০। ফলে নতুন লেনদেন সত্ত্বেও সংশ্লিষ্ট সংস্থায় তাঁর বিনিয়োগ যে শেষ হয়ে গিয়েছে, এমনটা নয়।

২০১৭-’১৮ আর্থিক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা হিসাবে শেয়ারবাজারে আত্মপ্রকাশ করে ডিপি ওয়্যারস। ২০২০ সালের ১৭ জানুয়ারি তালিকাভুক্ত হয় তাদের স্টক। গত পাঁচ বছরে ৪৪ শতাংশ মুনাফা করেছেন ডিপির লগ্নিকারীরা। উল্লেখ্য, অমিতাভের শেয়ার বিক্রির খবরে ঊর্ধ্বমুখী হয় এর স্টকের সূচক।

বৃহস্পতিবার, ২৫ জুন একলাফে ৩.১১ শতাংশ বেড়ে ২১৬.৯৯ টাকায় পৌঁছোয় ডিপি ওয়্যারসের শেয়ারের দর। পরে অবশ্য কিছুটা নেমে যায় দাম। বর্তমানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ডিপি ওয়্যারসের স্টক ২১৩.৩০ টাকায় ঘোরাফেরা করছে।

২০২৩ সালের ১৭ নভেম্বর রেকর্ড উচ্চতায় ওঠে ‘বিগ বি’র লগ্নি করা সংস্থাটির শেয়ারের দাম। ওই দিন ডিপি ওয়্যারসের প্রতিটা স্টকের দর দাঁড়ায় ৬৮১.৪৫ টাকা। সেখান থেকে বর্তমানে ৬৮ শতাংশ নিম্নমুখী হয়েছে এর সূচক।

২০১৮ সালের মার্চে বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের হাতে ছিল ডিপি ওয়্যারসের ৩ লক্ষ ৩২ হাজার ৮০০টি শেয়ার। শতাংশের নিরিখে যে ২.৪৫। ২০২৩ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেই অংশীদারি কমিয়ে ১.৪৭ শতাংশে নামিয়ে আনেন তিনি। পরে ফের তা বৃদ্ধি করেন ‘বিগ বি’।

প্রসঙ্গত ডিপি ওয়্যারস ইস্পাতের তার ও প্লাস্টিকের নানা পণ্য উৎপাদন করে থাকে। তেল ও গ্যাস, বিদ্যুৎ, গাড়ি ও পরিকাঠামো খাতে তাদের তৈরি সামগ্রীর বেশ চাহিদা রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ১:৭ অনুপাতে লগ্নিকারীদের বোনাস স্টক দিয়েছিল তারা। তবে তাদের মুনাফার অঙ্ক কমায় উদ্বেগ প্রকাশ করেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Amitabh Bachchan Stock Market Sensex Nifty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy