কেন্দ্রের নতুন পণ্য-পরিষেবা কর (জিএসটি) বিলে সমর্থন জোগাতে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনও দ্বিধা নেই, তা স্পষ্ট জানিয়ে দিলেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।
শিল্প সম্মেলনের জন্য মুম্বইয়ে প্রচারে (রোড শো) এসে অমিতবাবু সোমবার এক ফাঁকে বলেন, ‘‘মনে হয় না এ নিয়ে আমাদের কারও কোনও আপত্তি আছে। এটি আমাদের (তৃণমূল কংগ্রেস) ইস্তাহারে রয়েছে। এর পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।’’
অর্থমন্ত্রীর মতে, জিএসটি চালু হলে, রাজ্যের রাজস্বের উপর কী রকম প্রভাব পড়বে, সেটিই ছিল চিন্তার মূল বিষয়। যে-কারণে প্রথম পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দেওয়ার কথা সংবিধান সশোধনী বিলের মধ্যে রাখার বিষয়ে এত জোর দিয়েছিলেন তাঁরা। বিষয়টি নিয়ে ঐকমত্য হওয়ায় সেই উদ্বেগ কেটেছে। জিএসটি-র উপর আরও এক শতাংশ কর বসাতে পারার যে-দাবি পণ্য উৎপাদনকারী রাজ্যগুলি তুলেছে, সে বিষয়ে অমিতবাবু বলেন, কথা বলেই এর সমাধান বার করতে হবে।
জিএসটি নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চললেও, এই বিল পাশের দিকে প্রায় চাতক পাখির মতো তাকিয়ে আছে শিল্প। এ দিনও বিল পাশের জন্য আর্জি জানিয়ে সব রাজনৈতিক দলকে খোলা চিঠি দিয়েছেন এমসিসি চেম্বারের প্রেসিডেন্ট অরুণ সরাফ। তাঁর দাবি, জিএসটি চালু হলে, কর ব্যবস্থা সরল হবে। খরচ কমবে ব্যবসার। গতি পাবে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিও।