ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির আওতায় অন্যান্য পণ্যের মতো বাসমতি চালেও শুল্ক কমিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। সেই সুযোগ নিয়ে সে দেশে ৫০০০ টন বাসমতি চাল পাঠাবেন এখানকার রফতানিকারীরা। এই মর্মে ইতিমধ্যেই আমেরিকায় চুক্তি সই করেছে চাল রফতানিকারীদের সংগঠন ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশনের সদস্য সংস্থা। সংশ্লিষ্টমহলের মতে, এর ফলে সে দেশের বাজারে ভারতীয় চালের প্রবেশের পথ আরও সুগম হবে।
ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারী দেশ। সংশ্লিষ্ট সংস্থাগুলির দাবি, সাধারণত আমেরিকায় যে চাল এখান থেকে যায়, তার অধিকাংশই বাসমতি। কিন্তু শুল্ক-সহ নানা কারণে পরিস্থিতি জটিল হয়। গত বছর ভারতের পণ্যে ২৫% পাল্টা শুল্ক এবং তার উপরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরও ২৫% (মোট ৫০%) শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। পরবর্তীকালে তাঁর দেশে উৎপাদন খরচের থেকে কম দামে ভারত সেখানে চাল রফতানি করে বলে অভিযোগ তুলে তাতে শুল্ক আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ফলে সব কিছু মিলিয়ে কাঁপুনি ধরেছিল চাল উৎপাদক এবং রফতানিকারীদের মধ্যে। তবে একাংশের দাবি ছিল, ট্রাম্প সরাসরি বাসমতির কথা বলেননি। তাঁর দেশে সেইচালই যায় বেশি। ফলে এর উপরে ততটা প্রভাব পড়বে না।
এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির শুরুতে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতের পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য মহলের দাবি, এ বার বাসমতি রফতানিতে এই চুক্তি দামের দিক থেকে ভারতের চালকে প্রতিযোগিতায় আরও এগিয়ে দেবে এবং এখানকার উৎপাদক ও রফতানিকারীদের সামনে আরও বড় বাজার খুলে দেবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)