Advertisement
E-Paper

জানুয়ারিতে প্রত্যাশা মতো বিক্রি নেই গাড়ি শিল্পে

গত বছরের শেষটা বেশ ভাল গেলেও, ২০১৬ সালের শুরু তেমন কাটল না গাড়ি সংস্থাগুলির পক্ষে। সদ্য শেষ হওয়া জানুয়ারিতে দেশে মারুতি-সুজুকির যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দাঁড়িয়েছে সামান্য। দুই সংখ্যার উপরে ওঠেনি হুন্ডাই, মহীন্দ্রা, ফোর্ডের মতো সংস্থার বিক্রিও। এমনকী গত বছরের একই সময়ের তুলনায় দেশে গাড়ি বিক্রি সরাসরি কমেছে টাটা মোটরস এবং হোন্ডা কারসের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪১

গত বছরের শেষটা বেশ ভাল গেলেও, ২০১৬ সালের শুরু তেমন কাটল না গাড়ি সংস্থাগুলির পক্ষে। সদ্য শেষ হওয়া জানুয়ারিতে দেশে মারুতি-সুজুকির যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দাঁড়িয়েছে সামান্য। দুই সংখ্যার উপরে ওঠেনি হুন্ডাই, মহীন্দ্রা, ফোর্ডের মতো সংস্থার বিক্রিও। এমনকী গত বছরের একই সময়ের তুলনায় দেশে গাড়ি বিক্রি সরাসরি কমেছে টাটা মোটরস এবং হোন্ডা কারসের।

মারুতি-সুজুকি জানিয়েছে, জানুয়ারিতে তাদের বিক্রি বেড়েছে মাত্র ০.৮ শতাংশ। এই সময়ে ১,০৬,৩৮৩টি গাড়ি বিক্রি করেছে তারা। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতাটির দাবি, গত মাসে বেশ কিছু দিন ছুটি থাকার কারণে উৎপাদন সে ভাবে বাড়েনি। সামগ্রিক ভাবে যার প্রভাব পড়েছে দেশে বিক্রির উপর। এই সময়ে তাদের অল্টো, ওয়াগন-আরের মতো গাড়ির বিক্রি কমেছে ৪.৩ শতাংশ। এমনকী সুইফট, ডিজায়ার, ব্যালেনো, সেলেরিও এবং রিৎজেরও বিক্রি কমেছে ২.৮ শতাংশ।

জানুয়ারিতে প্রতিযোগী সংস্থা হুন্ডাইয়ের বিক্রি বৃদ্ধির হার ৯.৩ শতাংশ। দাঁড়িয়েছে ৩৮,০১৬টিতে। সংস্থার অন্যতম কর্তা রাকেশ শ্রীবাস্তবের দাবি, গ্র্যান্ড, আই২০-এলিট/অ্যাক্টিভ এবং ক্রেটার মতো গাড়িগুলি বিক্রি বাড়াতে সাহায্য করেছে। পাশাপাশি, ক্রেতাদের উৎসাহ বাড়াতে আগামী ৫-৯ ফেব্রুয়ারি বৃহত্তর নয়ডায় হতে চলা আসন্ন গাড়ি প্রদর্শনীর দিকেই চোখ রাখছে গাড়ি নির্মাতা এই সংস্থা। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রারও বিক্রি গত মাসে ৯.৮৪ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৪০,৬৯৩টিতে। আর ফোর্ডের বিক্রি ৫.৯৮ শতাংশ বেড়ে হয়েছে ৭,০৪৫টি।

Advertisement

এ দিকে, গত মাসে দেশের বাজারে বেশ ভাল ফল করেছে দূষণ কেলেঙ্কারির জেরে সমস্যায় পড়া জার্মান সংস্থা ফোক্সভাগেনের ভারতীয় শাখা। এই সময়ে তাদের বিক্রি ৭.৬ শতাংশ বেড়েছে। দাঁড়িয়েছে ৪,০১৮টিতে। ভারতে ফোক্সভাগেন গোষ্ঠীর কর্তা মাইকেল মায়ের বলেন, পোলো, ভেন্টো, জেটার মতো গাড়ির চাহিদা বৃদ্ধির হাত ধরেই বিক্রি বাড়াতে পেরেছেন তাঁরা। এর সঙ্গেই বিট্‌ল গাড়ির নতুন মডেলও এনেছে সংস্থা। ক্রেতাদের মধ্যে সেটি নিয়ে চোখে পড়ার মতো উৎসাহ দেখা গিয়েছে বলে দাবি তাঁর।

এ দিকে, গত মাসে দেশে যাত্রী গাড়ি বিক্রি ১৮ শতাংশ কমেছে টাটা মোরসের। সংখ্যার বিচারে তা দাঁড়িয়েছে ১০,৭২৮টিতে। হোন্ডা কারসের ক্ষেত্রেও বিক্রি ৬.৫২ শতাংশ কমে হয়েছে ১৭,১৩৫টি। বিক্রি সাড়ে ৩০ শতাংশ কমেছে টয়োটা কির্লোস্করেরও। দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে ২০০০ সিসি-র বেশি ডিজেল গাড়ি বিক্রি নিষিদ্ধ হওয়ারই প্রভাব বিক্রিতে পড়েছে বলে জানিয়েছে টয়োটা। বিশেষজ্ঞদের মতে, ক্রেতা টানতে ডিসেম্বরে বিপুল ছাড় এবং নতুন গাড়ি আনার জেরে বিক্রি অনেকটাই বেড়েছিল সংস্থাগুলির। এ বার তা না-হওয়ায় জানুয়ারি মাসে প্রত্যাশা অনুসারে বিক্রি বাড়াতে পারেনি তারা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy