Advertisement
E-Paper

ফের বিক্ষোভ ম্যাকাউটে! রেজিস্ট্রারের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের একাংশের

বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার কাউন্সিল অব ইন্ডিয়ার নিয়ম ভেঙে আইনের বিভাগীয় প্রধান করেছেন একজন ম্যানেজমেন্টের শিক্ষককে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:৫৬
রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় শিক্ষকেরা  ।

রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় শিক্ষকেরা । নিজস্ব চিত্র।

বিক্ষোভ আন্দোলনে জেরবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারেব ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করলেন পূর্ণসময়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ। পূর্ব ঘোষণা মতোই সপ্তাহের প্রথম দিন থেকেই ফের অচলাবস্থা তৈরি করেছেন তাঁরা।

তৃণমূল শিক্ষক সংগঠন ওয়েবকুপার ম্যাকাউট শাখার সভাপতি তোতন ঘোষ বলেন,“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার কাউন্সিল অব ইন্ডিয়ার নিয়ম ভেঙে আইনের বিভাগীয় প্রধান পদে বসিয়েছেন একজন ম্যানেজমেন্ট শিক্ষককে। এটা বেআইনি। এ ভাবে চলতে থাকলে বার অ্যাসোসিয়েশন কোর্স বাতিল করে দিতে পরে।” তাঁর দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে পড়ুয়ারাও বিপদে পড়বেন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে এ ভাবে ছেলেখেলা করা যায় না।

গত শুক্রবার থেকেই নানা দাবিতে আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে প্রধান ছিল আইটি বিভাগের এনবিএ অনুমোদন চলে যাওয়া, সর্বভারতীয় কর্ম তালিকা এনআইআরএফ-এ স্থান নেমে যাওয়া, পড়ুয়া ভর্তি তলানিতে চলে যাওয়ার মতো বিষয়। পাশাপাশি ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ রয়েছে কর্মীদের মধ্যে। এরই সঙ্গে যুক্ত হয় চুক্তি পুনর্নবীকরণ না হওয়ার বিষয়টিও।

রেজিস্ট্রারে ঘরের বাইরেও বিক্ষোভ।

রেজিস্ট্রারে ঘরের বাইরেও বিক্ষোভ। নিজস্ব চিত্র।

শিক্ষকদের একাংশের অভিযোগ, বেশির ভাগ চুক্তিভিক্তির পূর্ণসময়ের শিক্ষকের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। এরই মধ্যে আগামী ৬ মার্চ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। তাতে সমস্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা তাঁদের। যদিও উপাচার্য তাপস চক্রবর্তী আশ্বাস দিয়েছিলেন, সমস্যার সমাধান হবে।

কিন্তু নতুন করে আর এক সমস্যার সূত্রপাত ঘটেছে বলে বিক্ষোভকারীদের দাবি। তাঁরা জানাচ্ছেন, আইনের বিভাগীয় প্রধান পদ নিয়ে জটিলতার প্রেক্ষিতে সোমবার বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছেন তাঁরা ।

এ দিকে, এ দিনই কলকাতার পাঁচতারা এক হোটেলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উপাচার্য বাছাই কমিটির সাক্ষাতে গিয়েছেন অস্থায়ী উপাচার্য তাপস চক্রবর্তী, জানা গিয়েছে এমনই। তাঁর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি।

Protest Gathering Bar Council Of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy