Advertisement
E-Paper

ভুল খাতা পাঠানোর দায় স্বীকার বোর্ডের, সঠিক প্রতিলিপি পেলেন সিবিএসই-র দ্বাদশের পড়ুয়ারা

ভুল পরীক্ষা খাতা পাঠানো হয়েছে বলে সিবিএসই-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সমাজমাধ্যমে লিখেছিলেন দ্বাদশের পড়ুয়া। তা নিয়েই মুখ খুলল বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১০:৩২

ছবি: সংগৃহীত।

দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে পরীক্ষার খাতার ভুল প্রতিলিপি পাঠানো হয়েছিল। ঘটনার দায় স্বীকার করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সম্প্রতি সমাজমাধ্যমে এক পড়ুয়া দাবি করেন, বোর্ডের তরফে পাঠানো খাতা নাকি তাঁরই নয়। ভুল খাতার প্রতিলিপি পেয়েছেন ওই পড়ুয়া। যদিও সংশ্লিষ্ট পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এরপরই সমাজমাধ্যমেই সিবিএসই-র তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, জানানো হয় সঠিক প্রতিলিপি পড়ুয়ার ই-মেল আইডিতে পাঠানো হয়েছে। পরে ওই পড়ুয়াও সমাজমাধ্যমে লেখেন, সিবিএসই সঠিক খাতার প্রতিলিপি পাঠিয়েছে।

উল্লেখ্য, ১৩ মে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে পাশের হার ৮৫ শতাংশ হওয়ায় পড়ুয়ারা পুর্নমূল্যায়ন করার দাবি জানায়। অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে মূল্যায়ন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় সিবিএসই-কে। বিতর্কের মুখে পরীক্ষার খাতার স্ক্যানড কপি দেখার আবেদনের প্রক্রিয়া শুরু করার পরই দু’জন পড়ুয়া অভিযোগ করেন, তাঁদের ভুল খাতার প্রতিলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সিবিএসই-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল মারফত জানানো হয়, খাতার প্রতিলিপি বদলের ঘটনা খতিয়ে দেখা হয়েছে। এর জন্য পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগও করেছেন বোর্ডের আধিকারিকেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বোর্ডের তরফে পরীক্ষার্থীদের সঠিক খাতার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের ফলাফলও আপডেট করে দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের পরীক্ষার জন্য প্রায় ৯৮ লক্ষ খাতা ডিজিটাল পদ্ধতিতে স্ক্যান করা হয়েছিল। এর মধ্যে ১৩ হাজার খাতায় পরীক্ষার্থীরা হালকা কালির কলম ব্যবহার করায় স্ক্যান করতে সমস্যা হয়েছিল বলে দাবি করে সিবিএসই। একই সঙ্গে সমাজমাধ্যমে খাতা দেখার আবেদন সংক্রান্ত ভুয়ো বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক থাকার আর্জি জানিয়েছে বোর্ড। যে কোনও তথ্যের জন্য পড়ুয়া এবং অভিভাবকেরা যেন সিবিএসই-র নিজস্ব সমাজমাধ্যমের পাতা এবং ওয়েবসাইট-এ নজর রাখেন।

CBSE Class 12 Results Exam Pattern CBSE News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy