আগামী ২১ জুন নতুন করে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক স্তরে ভর্তি হওয়ার প্রবেশিকা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি) আয়োজিত হতে চলেছে। পুনঃপরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য আরও বেশি তৎপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
নিট ইউজি নেওয়া হবে দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল এবং প্রশাসকদের চিঠি লিখেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এক্স হ্যান্ডেলে দেওয়া তথ্য অনুযায়ী, ২১ জুন নিট ইউজি সুশৃঙ্খল, স্বচ্ছ, নিরপেক্ষ এবং সফল ভাবে আয়োজনের জন্য সহযোগিতা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে। পাশাপাশি, সম্প্রতি যে ভাবে তাপপ্রবাহ বাড়ছে, সে কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রী বিশেষ ভাবে অনুরোধ করেছেন, যাতে পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সুবিধা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়। -
প্রসঙ্গত, এর আগেও নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ২১ জুন অনুষ্ঠিত হতে চলা পুনঃপরীক্ষার আগে কোনও ফাঁক থাকলে, তা অবিলম্বে চিহ্নিত করে পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। নিট ইউজি সংক্রান্ত কোনও রকম ভুয়ো তথ্য যাতে সমাজমাধ্যমে ছড়িয়ে না পড়তে পারে, সে জন্য মেটা, গুগল এবং টেলিগ্রাম-সহ বিভিন্ন বড় ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুয়ো তথ্য ও অপপ্রচার ছড়ানো নেটওয়ার্কগুলির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন। পরীক্ষার আগে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করে ‘ব্লক’ করে দেওয়ার কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৩ মে প্রায় ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন স্নাতক স্তরের চিকিৎসাবিদ্যায় ভর্তি হওয়ার প্রবেশিকা। ওই পরীক্ষায় বসার জন্য আবেদনমূল্যও জমা দিতে হয়েছিল পড়ুয়াদের। তবে প্রশ্নফাঁসের জেরে সম্পূর্ণ পরীক্ষাই বাতিল করে দেয় এনটিএ। বলা হয়েছিল, পরীক্ষার্থীদের আবেদনমূল্যও ফেরত দেওয়া হবে। এনটিএ-র তরফে পরীক্ষার্থীদের আবেদনমূল্য ফেরত দেওয়ার জন্য পোর্টাল খোলা হয়েছে। neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিয়ে বাতিল পরীক্ষার ফি ফেরত পেতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশন পোর্টালে লগ-ইন করে রিফান্ড লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা ক্যান্সেলড চেক আপলোড করার একটি ব্যবস্থাও রাখা হয়েছে। টাকা ফেরত দেওয়ার পোর্টালটি ২২ মে থেকে ২৭ মে রাত ১১টা ৫০ পর্যন্ত খোলা থাকবে। এক বার ব্যাঙ্কের তথ্য জমা দেওয়া হলে সেটিকেই চূড়ান্ত বলে ধরা। এর পর আর কোনও পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না বলে সাফ জানিয়েছে এনটিএ।