Advertisement
E-Paper

এ বার ফ্যাশন টেকনোলজি-র স্নাতক প্রবেশিকার ফল নিয়ে অসন্তোষ! ফের প্রশ্নের মুখে এনটিএ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-র (এনআইএফটি) স্নাতকের প্রবেশিকা ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১১:২৬

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ফলাফল নিয়ে ফের বিতর্কের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ফ্যাশন টেকনোলজি-র স্নাতক প্রবেশিকার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, প্রবেশিকায় আশানুরূপ নম্বর পাননি তাঁরা। এ ছাড়াও উপস্থিতির হার নিয়ে রয়েছে অসংগতি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-র (এনআইএফটি) স্নাতক প্রবেশিকার ফল প্রকাশিত হয়েছে গত ৩ জুন। প্রথম পর্যায়ে জেনারেল অ্যাবিলিটি টেস্ট (জিএটি) এবং ক্রিয়েটিভ অ্যাবিলিটি টেস্ট (সিএটি) নেওয়া হয়ে থাকে। ওই পরীক্ষায় পাশ করার পর তাঁদের সিচুয়েশন টেস্ট দিতে হয়। উল্লিখিত পর্বে উত্তীর্ণ হওয়ার পর কাউন্সেলিং-এর মাধ্যমে স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ মেলে।

সমাজমাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই দাবি করেছেন, ভাল পরীক্ষা দেওয়ার পরও প্রত্যাশিত নম্বর পাননি তাঁরা। পাশাপাশি, সিএটি-এর ‘আনসার কি’-ও প্রকাশ করা হয়নি, যার সাহায্যে নিজেদের নম্বর যাচাই করে নিতে পারবেন তাঁরা। এ ছাড়াও পরীক্ষার দিন বায়োমেট্রিক ভেরিফিকেশন নিয়েও সমস্যার অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। এতে অনেককেই প্রথমে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হয়েছিল। যদিও ওই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

৮ ফেব্রুয়ারি ওই প্রবেশিকা নেওয়া হয়েছিল। তাতে ১২ হাজারেরও বেশি পরীক্ষার্থী ছিলেন। এনটিএ সূত্রে খবর, তাঁদের মধ্যে উল্লিখিত বিষয়ে অভিযোগ জানিয়েছেন ১৫ জন। সব অভিযোগের ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়েছে।

যদিও এনটিএ-এর বিরুদ্ধে পরীক্ষার্থীদের একাংশের পাল্টা দাবি, সমস্যা সমাধানের জন্য ই-মেল কিংবা ফোন মারফত যোগাযোগ করা হলেও কোনও সুরাহা হয়নি। ফলে পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য কারা সঠিক নম্বর পেয়ে উত্তীর্ণ হলেন, কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন— তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

NIFT Entrance Exam 2026 National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy