Advertisement
E-Paper

পশ্চিম এশিয়ায় জোরদার হামলা ইরানের! ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, আবার অশান্ত লেবাননও

ইরাকি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাহরিনে ১৬টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলা হয়েছে জর্ডনেও। বাহরিন, জর্ডন, কুয়েতের মতো দেশগুলিতে প্রতিনিয়ত সাইরেন বাজছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১১:৩৯
Iran launched attacks targeting several US bases in West Asia

পশ্চিম এশিয়া জুড়ে হামলা ইরানের। — ফাইল চিত্র।

নতুন করে পশ্চিম এশিয়া জুড়ে হামলা শুরু করেছে ইরান। সেখানকার বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত ২১টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান বাহিনী। বাহরিন, জর্ডন, কুয়েতের মতো দেশগুলিতে প্রতিনিয়ত সাইরেন বাজছে। সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষ হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তাঁদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরাকি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাহরিনে ১৬টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলা হয়েছে জর্ডনেও। ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের অ্যারোস্পেস বাহিনী জর্ডনের একটি ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারকে নিশানা করে হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো অন্যতম বৃহত্তম প্রতিশোধমূলক হামলা হিসাবে বর্ণনা করেছে আইআরজিসি। তাদের দাবি, পশ্চিম এশিয়া জুড়ে অন্তত ২১টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কুয়েতের তরফে হামলার কথা জানানো হয়েছে। তবে তাদের দাবি, ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। বাহরিনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার যুদ্ধ সাইরেন বাজাতে হয়েছে। নাগরিকদের শান্ত থাকার বার্তা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। জর্ডনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আল আজরাক এলাকার দিকে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জর্ডনের মাটিতে পড়লেও কোনও ক্ষতি হয়নি। ঘটেনি হতাহতের ঘটনাও।

অন্য দিকে, নতুন উত্তেজনা ছড়িয়েছে লেবাননে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে জুড়ে ইজ়রায়েলের সামরিক বাহিনী, সাঁজোয়া গাড়ি, কমান্ড পোস্ট লক্ষ্য করে একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট হামলা চালিয়েছে। আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের রিয়াধ, রাশাফ, আল-কাওজাহ এবং কানতারা শহরে ইজ়রায়েলি ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজ়বুল্লা।

মঙ্গলবার হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়ে মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন বাহিনীর দাবি, ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর তার পরই জবাবি হামলা শুরু করে আমেরিকা। মার্কিন কর্তাদের মতে, হরমুজ় প্রণালীর আশপাশে থাকা ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-সহ সামরিক শক্তিতে আঘাত হানা হয়েছে। ইরানে তিন দফা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তার পরই ইরানের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, তারা মার্কিন হামলার কঠোর জবাব দেবে। পশ্চিম এশিয়া জুড়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা চালায় তারা। তার পরে একে একে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করে তেহরান।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
৫২ মিনিট আগে
West Asia US-Iran Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy