বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যোগ দেওয়ার পর চনমনে মেজাজে ছিলেন তিনি। কঠোর অনুশীলনও করছিলেন। তার পরেও আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলা হবে না হার্দিক পাণ্ড্যের। শেষ মুহূর্তে পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। বোর্ড অবশ্য আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করেনি।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের পেশিতে টান ধরেছে। ১১ জুন ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। আপাতত যা অবস্থা তাতে উৎকর্ষ কেন্দ্রে আরও অন্তত দু’সপ্তাহ থাকতে হবে তাঁকে।
বোর্ডের এক সূত্র বলেছেন, “খুব দেরি করে চোট পেল ও। কোয়াড্রিসেপসে টান ধরেছে ওর। ফলে পা শক্ত হয়ে রয়েছে। দীর্ঘমেয়াদি চোট নয়। তবে চিকিৎসকেরা ওকে পরামর্শ দিয়েছেন যাতে পায়ের উপর কোনও টান এবং চাপ না পড়ে। হার্দিক বেঙ্গালুরুতেই থাকছে। ফিজিয়ো এবং প্রশিক্ষকদের অধীনে অনুশীলন করে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালাবে।”
বোর্ড কবে হার্দিকের ছিটকে যাওয়ার খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে বা কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে কি না, সে দিকেই নজর রয়েছে সকলের। এক বছর পর ৫০ ওভারের ফরম্যাটে ফেরার কথা ছিল হার্দিকের। তা হচ্ছে না। দল পরিচালন সমিতিকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বুধবার মোহালিতে দলের বাকিদের যোগ দেওয়ার কথা। এ দিনই ঐচ্ছিক অনুশীলন রয়েছে মোহালি স্টেডিয়ামে। বৃহস্পতিবার দল ধর্মশালার উদ্দেশে রওনা দেবে।