Advertisement
E-Paper

‘বাঁচান, জাহাজ ডুবে যাচ্ছে’! ওমান উপকূলে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর কাতর আবেদন ভারতীয় নাবিকদের

মার্কিন হামলার কারণে ওই জাহাজে আগুন ধরে যায়। ছুটোছুটি, হুড়োহুড়ি পড়ে যায় নাবিকদের মধ্যে। সেই সময়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিপদবার্তা পৌঁছে দেন ওই জাহাজে থাকা এক নাবিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৮:৫৬
Indian crew\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s distress call after US missile attack near coast of Oman

ওমান উপকূলে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত পালাউয়ের জাহাজ। ছবি: সংগৃহীত।

ওমান উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি জাহাজ। সেই জাহাজে ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। আচমকা হামলায় সেই জাহাজ ডুবতে শুরু করে। ওই জাহাজ থেকে প্রাপ্ত সেই সময়কার এক অডিয়ো ক্লিপে (যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ভারতীয় নাবিকের আর্তি শোনা গিয়েছে। এক নাবিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বলছেন, ‘‘আমাদের বাঁচান। সাহায্য করুন। আমাদের জাহাজ ডুবে যাচ্ছে!’’ সেই বার্তা পৌঁছে যেতেই তৎপরতা বাড়ে। নিরাপদে উদ্ধার করা হয় সব নাবিককে।

জানা গিয়েছে, ওমান উপকূলে দ্বীপরাষ্ট্র পালাউয়ের‘ম্যারিভেক্স’ নামে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রসঙ্গত, আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পালাউ। সেই পালাউয়ের জাহাজ ‘ম্যারিভেক্স’ হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। আর সেই সময়ই মার্কিন নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই জাহাজের উপর।

মার্কিন হামলার কারণে ওই জাহাজে আগুন ধরে যায়। ছুটোছুটি, হুড়োহুড়ি পড়ে যায় নাবিকদের মধ্যে। সেই সময়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিপদবার্তা পৌঁছে দেন ওই জাহাজে থাকা এক নাবিক। সেই বিপদবার্তাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘স্যর, ট্যাঙ্কার ম্যারিভেক্স থেকে বলছি... জাহাজে আগুন ধরে গিয়েছে। জাহাজটি ডুবতে শুরু করেছে।’’

আরও একটি বার্তায় এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘‘মার্কিন নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আমাদের জাহাজের ইঞ্জিন রুমে আঘাত হেনেছে। আমাদের জাহাজের নীচের দিকে ছিদ্র হয়ে গিয়েছে। সেখান থেকে হু-হু করে জল ঢুকছে। জাহাজে আগুন লেগেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের বাঁচান।’’ আরও বলেন, ‘‘এই জাহাজের ২৪ জন ক্রু-ই ভারতীয়। আমাদের অবিলম্বে সাহায্যের প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন।’’

সেই বিপদবার্তা মুম্বইস্থিত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে (এমআরসিসি) এসে পৌঁছোয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি যোগাযোগ করা হয় ওমানের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টারের (ওএমএসসি) সঙ্গে । ভারতের এমআরসিসি-র থেকে খবর পাওয়ামাত্রই ওমানের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মাসিরাহ দ্বীপ থেকে ওড়ে। ২০ মিনিট পর পৌঁছোয় ‘ম্যারিভেক্স’ জাহাজের কাছে। তার পরে শুরু হয় উদ্ধারকাজ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) দেখা গিয়েছে, হেলিকপ্টার ওই জাহাজ থেকে একে একে নাবিকদের উদ্ধার করে।

পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘এই সফল উদ্ধার অভিযানটি আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতার অংশ। ভারতীয় নাবিকদের সুরক্ষা এবং জরুরি সামুদ্রিক পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান করা হয়েছে।’’

Strike US missile US Military
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy