পরীক্ষার ফল বেরনোর পরে মনে হতেই পারে, নম্বরে ভুল আছে। পরীক্ষা আরও ভাল হয়েছিল, তাই নম্বর আরও বেশি আসতে পারত। এর পরের পদক্ষেপ পরীক্ষার খাতা পুনর্বার দেখার আবেদন। সে জন্য সিবিএসই পরীক্ষার্থীদের খাতা পিছু ৭০০ টাকা দিতে হত। বিনিময়ে খাতার একটি স্ক্যান করা নকল হাতে পেতেন পরীক্ষার্থীও। কিন্তু সেই পরিষেবা আর তত ‘দামি’ থাকছে না।
খাতা দেখানোর জন্য এবং প্রয়োজনে নিজের খাতা হাতে নিয়ে নিজেই মিলিয়ে নেওয়ার জন্য এ বার থেকে কেবল ১০০ টাকা দিলেই হবে। সিবিএসই বোর্ডের ব্যাপারে নম্বর এবং খাতা দেখা নিয়ে ওই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা এবং সার্বিক শিক্ষার দফতরের সচিব সঞ্জয় কুমার।
দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘এর আগে যে ৫০০ টাকার ভ্যালিডেশন ফি লাগত, তা-ও কমিয়ে ১০০ টাকা করে দেওয়া হয়েছে। একটি প্রশ্নের উত্তর নতুন করে পরীক্ষা করাতে হয়তো ২২৫ টাকা দিতে হবে। কিন্তু যদি ওই প্রক্রিয়ায় নম্বর বাড়ে, তবে, পুরো টাকা ফেরত দেওয়া হবে।’’
চলতি বছরের সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফল বেরনোর পরেই নম্বর নিয়ে ছাত্র-ছাত্রীরা অসন্তোষ প্রকাশ করে। অনস্ক্রিন মার্কিংয়ের দাবি ওঠে। সেই সঙ্গে খাতা পুনরায় পরীক্ষা করানোর জন্য মোটা রিভ্যালুয়েশন ফি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এর পরেই স্কুল শিক্ষা দফতরের তরফে করা হয় ওই ঘোষণা।
স্কুলশিক্ষা সচিব সঞ্জয় কুমার বলেন, ‘‘টাকার প্রয়োজন আছে ঠিকই তবে এই বিশেষ ক্ষেত্রে টাকাটা অগ্রাধিকার নয়। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের ভাল থাকা, মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত। তাই আমরা পরীক্ষার্থীদের হাতে তাদের খাতারই কপি তুলে দেব ১০০ টাকার বিনিময়ে।’’