সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি আয়োজন করেছিল ২০২৬-এর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। ১৪০টি শহরে পরীক্ষা হয় দু’টি পত্রের। তার মধ্যে বিহারের দু’টি কেন্দ্রের পেপার ২-এর পরীক্ষা বাতিল করল সিবিএসই।
সিবিএসই জানিয়েছে, বিহারের বৈশালী জেলার দু’টি কেন্দ্রের পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছতে বিলম্বের অভিযোগ উঠেছে। তার জেরে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই, ওই পরীক্ষাকেন্দ্র দু’টিতে ফের পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন:
সূত্রের খবর, সিটেট ২০২৬-এর পেপার ২-এর পরীক্ষা দেশজুড়ে মোট ১,৮০৩টি পরীক্ষাকেন্দ্রে হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় পেপার ২-এর পরীক্ষা। ১,৮০১টি কেন্দ্রে পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হলেও দু’টি কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র পৌঁছয়নি বলে অভিযোগ। ফলে, পরীক্ষার্থীদের দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়।
এর পরই পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও সিবিএসসি আশ্বাস দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে।