সংস্কৃতের সঙ্গে কৃত্রিম মেধা এবং ডেটা সায়েন্স নিয়েও চলবে পড়াশোনা। একটি বিশেষ ডিগ্রি কোর্সের মাধ্যমে আয়ুর্বেদ, যোগবিদ্যার সঙ্গে কৃত্রিম মেধার সংযোজন সংক্রান্ত বিষয়গুলি শেখানো হবে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের তরফে এই ডিগ্রি সংক্রান্ত বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে এ দেশের প্রাচীন ভাষার দুষ্প্রাপ্য নথির পাঠোদ্ধার, তা সংরক্ষণের বিষয়গুলি নিয়ে পঠনপাঠন চলবে। এর জন্য পড়ুয়াদের ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ় প্রসেসিং (এনএলপি), স্পিচ রেকগনিশন, কনভারসেশনাল এআই-এর মতো বিষয়গুলি শেখানো হবে। পাশাপাশি, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, ডিপ লার্নিং-এর মতো বিষয়গুলি নিয়েও চর্চা চলবে।
মোট ৬৬টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্সটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর (এআইসিটিই) অনুমোদনে পড়ানো হবে। চলতি শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয়ের নাসিকের ক্যাম্পাসে কোর্সের ক্লাস শুরু হতে চলেছে।
সংশ্লিষ্ট কোর্সটি চালু হওয়ার বিষয়টি রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন। তিনি জানান, ওই বিষয়ের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের পাঠ গ্রহণের পর তরুণ-তরুণীরা ভবিষ্যতের জন্য দক্ষ হয়ে উঠবেন।