ফিটনেস নিয়ে বরাবরই ভীষণ খুঁতখুঁতে বলিউডের দাপুটে অভিনেত্রী আলিয়া ভট্ট। নিজেকে ফিট দেখানোর জন্য আলিয়া বরাবরই কঠোর পরিশ্রম করেন। বরাবরই ভিন্ন ধারার চরিত্র বাছাই করেন অভিনেত্রী। আর কিছু দিনের মধ্যেই বড়পর্দায় মুক্তি পাবে যশরাজ ফিল্মসের আলফা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির প্রচার ঝলক। ছবিতে ‘আলফা’র চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। প্রচার ঝলকে আলিয়ার ‘লুক’ মন কেড়েছে দর্শকের। পেশিবহুল কাঠ কাঠ চেহারায় একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আলিয়া। ছবিতে দেখা যাবে শর্বরী ওয়াগকেও। দুই নায়িকার ফিটনেসই নজরকাড়া।
সম্প্রতি আলিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করেছেন। ভিডিয়োতে শর্বরীকে সঙ্গে নিয়ে নানা রকম কসরতে মজেছেন নায়িকা। জেনে নিন, আলিয়া থেকে ‘আলফা’ হতে কোন কোন শারীরচর্চা করেছেন নায়িকা।
স্টেপ-আপস
স্টেপ-আপস হল শরীরের নিম্নভাগের শক্তি বৃদ্ধির একটি ব্যায়াম। গ্লুটস (নিতম্বের পেশি), কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং কাফ মাস্ল বা পায়ের পিছনের দিকের পেশির জোর বৃদ্ধি করতে এই ব্যায়াম করা হয়। শরীরের ভারসাম্য রক্ষা করতেও এই ব্যায়াম উপকারী।
বক্সিং
বক্সিং হল একটি অত্যন্ত কার্যকর পূর্ণাঙ্গ শরীরের ব্যায়াম। এই ব্যায়াম করার সময় কার্ডিয়োভাসকুলার কন্ডিশনিংয়ের সঙ্গে রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের সুন্দর সমন্বয় ঘটে। এর একটি সাধারণ সেশনে প্রতি ঘণ্টায় ৪০০ থেকে ১,০০০-এরও বেশি ক্যালোরি খরচ হয়। হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি, শরীরের অতিরিক্ত চর্বি কমানো, সুঠাম পেশি গঠন এবং মানসিক চাপ কমাতে এটি অত্যন্ত কার্যকর।
পুশ-আপ
এই ব্যায়াম বুক, কাঁধ, ট্রাইসেপস এবং শরীরের কোর বা মধ্যভাগের পেশিকে শক্তিশালী করে। এটি শরীরের উপরের অংশের সহনক্ষমতা, শারীরিক ভঙ্গি এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে একাধিক পেশি-গোষ্ঠীকে সক্রিয় করে তোলে।
স্কিপিং
লাফদড়ি একটি কার্ডিয়োভাস্কুলার ব্যায়াম, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য, শারীরিক সমন্বয়, ফুটওয়ার্ক এবং ক্ষিপ্রতার উন্নতি ঘটায়। এটি পায়ের নীচের অংশের (কাফ মাসল) ও শরীরের নিম্নাঙ্গের পেশি শক্তিশালী করার পাশাপাশি অল্প সময় অনেকটা ক্যালরি খরচ করতে সাহায্য করে।
কেটলবেল সুইং
কেটলবেল সুইং একটি শক্তিশালী পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম যা গ্লুটস, হ্যামস্ট্রিংস, কোমর, কোর, কাঁধ এবং পিঠের পেশিগুলিকে সক্রিয় করে। এটি শরীরের কার্ডিয়োভাসকুলার ফিটনেস এবং ক্যালোরি পোড়ানোর ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পশ্চাৎভাগের পেশিগুলোকে শক্তিশালী করে।