Advertisement
E-Paper

ভিডিয়ো দেখেই উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি! চতুর্থ সেমেস্টারের আগে বিশেষ ব্যবস্থা শিক্ষা সংসদের

৫২টি বিষয়ে ৪০০-রও বেশি ভিডিয়ো শিক্ষা সংসদের ওয়েবসাইট ও ইউটিউব মাধ্যমে আপলোড করা হয়েছে। বাংলা বা ইংরেজির পাশাপাশি এই টিউটোরিয়াল ভিডিয়ো নেপালি-সহ বিভিন্ন ভাষায় রেকর্ড করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৭:০৯
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

পঠনপাঠনে ঘাটতি থেকে গিয়েছে। উচ্চ মাধ্যমিক তৃতীয় এবং চূড়ান্ত সেমেস্টারের মাঝে তেমন সময় পায়নি পড়ুয়ারা। ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে ব্যস্ত থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অনেকে নিয়মিত ক্লাস করাতেও পারেননি। তাই পড়ুয়াদের ‘সেল্‌ফ লার্নিং’-এ সাহায্য করতে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।

জানা গিয়েছে, ৫২টি বিষয়ে ৪০০-রও বেশি ভিডিয়ো শিক্ষা সংসদের ওয়েবসাইট ও ইউটিউব মাধ্যমে আপলোড করা হয়েছে। শুধু বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি কম সময়ের মধ্যে কত শব্দের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কী ভাবে উত্তর লিখলে ভাল, তা-ও আলোচনা করা হয়েছে।

বাংলা বা ইংরেজির পাশাপাশি এই টিউটোরিয়াল ভিডিয়ো নেপালি-সহ বিভিন্ন ভাষায় রেকর্ড করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে জানানো হচ্ছে, উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার আগে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখন সকলের কাছেই ইন্টারনেট রয়েছে। ফলে শিক্ষা সংসদের এই ভিডিয়ো পড়ুয়াদের উপকার করবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টার। হাতে আর মাস খানেক সময়। এরই মধ্যে সংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষকেরা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন পার্থপ্রতিম বৈদ্য বলেন, “চুড়ান্ত প্রস্তুতি শুরু করেছে পড়ুয়ারা। অনেকেই স্কুলে তেমন আসছে না। আমাদের স্কুলে এসআইআর-এর কাজেও অনেক শিক্ষক ব্যস্ত। ফলে এ ধরনের ভিডিয়ো পড়ুয়াদের সাহায্য করবে বলেই মনে করি।”

যোধপুর পার্ক বয়েজ স্কুলে প্রধানশিক্ষক অমিত সেন মজুমদার বলেন, “শুধু নিজের স্কুলের শিক্ষকদের নয়, পড়ুয়ারা সারা রাজ্যের শিক্ষকদের মতামত জানতে পারছে। চতুর্থ সেমেস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। মন দিয়ে শুনে নিলে অবশ্যই উত্তরের মান ভাল হবে।”

এর পাশাপাশি শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “আগামী সপ্তাহে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৮৫০ স্কুল থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।”

WBCHSE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy