অপরিশোধিত তেল উত্তোলন থেকে শুরু করে শক্তি উৎপাদনের মতো শিল্পক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। ওই সব ক্ষেত্রে কাজের জন্য যে ধরনের জ্ঞান অর্জনের প্রয়োজন, তার জন্য আলাদা আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। তবে, শিল্প উৎপাদনের চাহিদার ভিত্তিতে সেই সব বিষয় একত্রিত করে পড়ার সুযোগও রয়েছে। সেই বিষয়টি নিয়ে স্নাতকে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
ইউনিফায়েড ইঞ্জিনিয়ারিং শীর্ষক বিষয়টি মাল্টিডিসিপ্লিনারি। এই বিষয়টিতে থ্রিডি মডেলিং, ফ্লুইড মেকানিক্স, জেনারেটিভ এআই, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সফট্অয়্যার ডেভেলপমেন্ট-এর মতো বিভিন্ন বিষয় শেখানো হবে। এ দেশে এমন একটি বিষয়ে স্নাতক স্তরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), জম্মুতে পড়ানো হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিষয়টি চালু করা হচ্ছে। জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন (অ্যাডভান্সড) উত্তীর্ণেরা ওই বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্স করতে পারবেন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, থিয়োরি নির্ভর পাঠ্যক্রমে হাতেকলমে শেখার পাঠও থাকছে। এ ক্ষেত্রে সময়োপযোগী প্রযুক্তি এবং যন্ত্রচালনার কৌশল নিয়েও চর্চা চলবে।
স্নাতকের পাঠ্যক্রম থেকে জ্ঞান অর্জনের পর যাতে সহজেই চাকরির সুযোগ মেলে, তেমন ভাবেই এই বিষয়ের পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের আশা, বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের চাহিদা মেটাতে সাহায্য করতে চলেছে চার বছরের এই বিশেষ কোর্সটি।