পাকিস্তান দল থেকে আবার বাদ পড়লেন বাবর আজ়ম। আসন্ন এশিয়াম গেমসের দলে জায়গা হল না প্রাক্তন অধিনায়কের। বাদ দেওয়া হয়েছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সলমন আলি আঘাকেও। নেতৃত্ব দেবেন সাহিবজ়াদা ফারহান।
ফর্মে না থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন বাবর। পরে এক দিনের দল থেকেও বাদ পড়েন তিনি। এ বার এশিয়ান গেমসের দলেও জায়গা হল না বাবরের। ফর্মে না থাকায় এশিয়ান গেমসের দলে রাখা হয়নি টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক সলমনকেও। এক দিনের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানকেও এশিয়ান গেমসের দলে রাখা হয়নি। উল্লেখ্য, শাহিন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের প্রাক্তন সহ-অধিনায়কও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ফারহান। ছ’টি ইনিংসে ৭৬.৬০ গড়ে করেছিলেন ৩৮৩ রান। দু’টি শতরান এবং দু’টি অর্ধশতরান করেন। স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫। তাঁকেই এশিয়ান গেমসের জন্য অধিনায়ক করা হয়েছে। প্রথম বার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এশিয়ান গেমসের পাকিস্তান দল: সাহিবজ়াদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আরবার আহমেদ, আহমেদ ড্যানিয়েল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফত মিনহাস, হায়দর আলি, হাসান নওয়াজ়, মাজ় সাদাকত, মহম্মদ সলমন মির্জা, সাদ মাসুদ, সাইম আয়ুব, সুফিয়ান মুকিম এবং উসমান খান।