Advertisement
E-Paper

আন্তর্জাতিক তালিকায় আইআইটি দিল্লির উত্থান! বিশ্বতালিকায় কত নম্বরে আইআইটি খড়্গপুর?

আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৭-এর তালিকা অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। এ দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং তালিকায় এগিয়ে গেল আইআইটি দিল্লি (১১৮)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৩:৩১

ছবি: সংগৃহীত।

দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক তালিকায় নজর কাড়ল আইআইটি দিল্লি। আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৭-এর তালিকা অনুযায়ী, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান স্থান ১১৮। এর আগে ২০২৫-এর তালিকায় আইআইটি দিল্লির স্থান ছিল ১২৩।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত আন্তর্জাতিক র‌্যাঙ্কিং তালিকায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সেরার তকমা অর্জন করেছে আইআইটি দিল্লি। জানা গিয়েছে, প্লেসমেন্টে বিশ্বমানের সংস্থার চাকরির খোঁজ দেওয়া এবং পড়ুয়াদের ভাল চাকরি পাওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে আইআইটি দিল্লি। আন্তর্জাতিক স্তরে এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান প্রথম ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিতে পেরেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানের শিক্ষক এবং গবেষণা বিষয়ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সমাদৃত হয়েছে।

প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং সেলের ডিন এবং অধ্যাপক সোমনাথ বৈদ্য রায় জানিয়েছেন, বিশ্বমানের প্রযুক্তিবিদ্যা নিয়ে পঠনপাঠনের পরিবেশ গড়ে তোলা হয়েছে আইআইটি দিল্লিতে। তাই আন্তর্জাতিক স্তরের গবেষকেরাও এখানে কাজ করতে আগ্রহী। সোমনাথ আরও বলেন, “সময়োপযোগী পাঠ্যক্রম, উন্নত পরিকাঠামো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্রমাগত কাজ চলছে। তাই আন্তর্জাতিক স্তরে এই যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে।”

দেশের অন্য আইআইটি প্রতিষ্ঠানগুলিও এই তালিকায় নতুন র‌্যাঙ্কিং পেয়েছে। আইআইটি মাদ্রাজের বর্তমান অবস্থান ১৭০ নম্বরে, ২০২৫-এ যা ছিল ১৮০। আইআইটি বোম্বে ওই তালিকায় আগের বছরের তুলনায় পিছিয়ে গিয়েছে, তাদের বর্তমান র‌্যাঙ্কিং ১৩৪।

এ ছাড়াও দেশের সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছে আইআইটি খড়্গপুর (র‌্যাঙ্ক ২০৫), আইআইটি কানপুর (র‌্যাঙ্ক ২২১), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর (র‌্যাঙ্ক ২২১), আইআইটি রুরকি (র‌্যাঙ্ক ৩৩৫) এবং আইআইটি গুয়াহাটি (র‌্যাঙ্ক ৩৪৯)। এদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর ২০২৫-এ ২১৯ নম্বরে জায়গা করে নিতে পেরেছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, এ বারের তালিকায় ফ্যাকাল্টি সদস্যের অবদানের জন্য ৯৯.৯ নম্বর পেলেও, চাকরির ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের ফলাফল ২২.৬ নম্বরে গিয়ে পৌঁছেছে, যার ফলে অন্যান্য আইআইটি প্রতিষ্ঠান তালিকায় এগিয়ে গিয়েছে।

আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৭-এর তালিকা অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। শেষ ১৫ বছরে ওই প্রতিষ্ঠানটি এই বিভাগে শীর্ষস্থান অর্জন করে চলেছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রের অনুপাত, গবেষণা ক্ষেত্রে অবদান ছাড়াও পড়ুয়াদের কৃতিত্বেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে পদার্থবিদ্যা, কৃত্রিম মেধা, অ্যাস্ট্রোনমি, কম্পিউটার সায়েন্স-সহ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে উন্নতমানের পঠনপাঠন এবং গবেষণার সুযোগ দেওয়া হয়ে থাকে। এমআইটি ছাড়াও প্রথম পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে ওই তালিকায় রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নামও।

IIT Delhi MIT IIT Kharagpur Academic review
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy