সময়ের সঙ্গে পড়াশোনার ধরন বদলেছে, বদলেছে চাকরির বাজারে ডিগ্রির চাহিদাও। পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে এখন পাঠ্যক্রম বহির্ভূত বিষয়েও দক্ষতা থাকা বিশেষ ভাবে প্রয়োজন। সেই কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সময়োপযোগী বিষয় নিয়ে বিশেষ কোর্স কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। ‘শিক্ষার কড়চা’য় রইল এমন কিছু বিশেষ কর্মসূচির সন্ধান।
অনলাইনে জেনারেটিভ এআই শেখার সুযোগ:
‘জেনারেটিভ এআই’-এর সাহায্যে নিজের ছবিকে নিমেষের মধ্যে পুতুলের মতো সাজানো যায়। বদলে দেওয়া যায় ছবির প্রেক্ষাপটও। এই বিশেষ প্রযুক্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের মডেল তৈরি করা থেকে শুরু করে তা রক্ষণাবেক্ষণের খুঁটিনাটি শেখানো একটি বিশেষ কোর্সের মাধ্যমে।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের তরফে অনলাইনে ক্লাস করানো হবে।
- কবে— ৩১ মার্চ থেকে শুরু হবে।
- কত দিন চলবে— চার দিন, ৯৬ ঘণ্টা।
- কারা আবেদন করতে পারবেন— গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, কৃত্রিম মেধা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা। তাঁদের কোনও সংস্থায় কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদন কী ভাবে—অনলাইন মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
সাংবাদিকতা শেখাবেন বিশেষজ্ঞেরা:
সংবাদমাধ্যমের কাজ সম্পর্কে শেখাতে বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। সংবাদ কী ভাবে পরিবেশন করতে হবে, কী ভাবে প্রতিবেদন লিখতে হবে। ওই কোর্সের মাধ্যমে হাতে কলমে সেই সংক্রান্ত প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাস করানো হবে।
- কবে— এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, ২০২৬।
- কত দিন চলবে— ছ’মাস।
- কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— ই-মেল মারফত।
- আবেদনের শেষ দিন— ১২ মার্চ।
ডেটা সায়েন্স-এ দক্ষতা অর্জনের সুযোগ:
ইন্টারনেটে কয়েক লক্ষ তথ্য নিয়মিত ভাবে আপলোড করা হয়ে থাকে। তার মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্য বেছে নেওয়া, তা বিশ্লেষণ করা এবং তা সুরক্ষিত রাখার কৌশল শেখানো হবে আইআইটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের তরফে কৃত্রিম মেধার সাহায্যে কোডিং ব্যবহার করা এবং ডেটা সায়েন্স-এর বিভিন্ন টুল ব্যবহারের পদ্ধতিও শিখে নিতে পারবেন আগ্রহীরা।
- কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লির তরফে অনলাইনে ক্লাস করানো হবে।
- কবে— ২১ থেকে ২৮ মার্চ।
- কত দিন চলবে— তিন দিন।
- কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স, কৃত্রিম মেধা বিষয়ে উচ্চশিক্ষিত ব্যক্তিরা এই কোর্সটি করার সুযোগ পাবেন।
- আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ৭ মার্চ।
বিদেশনীতির বদল নিয়ে চর্চা:
আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারতের বিদেশনীতি কী ভাবে প্রয়োগ করা হয়ে থাকে, সময়ের সঙ্গে কী ভাবে নীতি নির্ধারণের কৌশল বদলেছে — তা নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।
- কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ১৬ থেকে ১৭ মার্চ।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পড়য়া, গবেষক এবং অধ্যাপকেরা।
আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
আবেদনের শেষ দিন— ৯ মার্চ।
রোবোটিক্স নিয়ে চর্চা:
হাতে কলমে রোবট অটোমেশন-এর কৌশল শেখানো হবে। এ ছাড়াও সিগন্যাল জেনারেশন, থ্রিডি প্রিন্টিং-এর মতো কাজ কী ভাবে কোন যন্ত্রের মাধ্যমে করতে হয়— তা জানারও সুযোগ থাকছে।
- কোথায় হবে— বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজ়িয়াম-এ গিয়ে ক্লাস করতে হবে।
- কবে— সপ্তাহান্তে ক্লাস চলবে।
- কত দিন চলবে— ১০ মাস।
- কারা আবেদন করতে পারবেন— ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া, কলেজের স্নাতক এবং ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।