মাত্র কয়েক সপ্তাহ আগেও হরিয়ানার এই যুবককে নিয়ে তেমন কোনও মাতামাতি ছিল না। তবে ১৫ মে ওটিটি-র পর্দায় সইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পরে পর্দার বছর ১৪-এর কিশোর হরপাল যেন সকলের নজর কেড়ে নেন। জনপ্রিয়তার নিরিখে আইএমডিবি সাপ্তাহিক একটি তালিকা তৈরি করে অভিনেতা-অভিনেত্রীদের। এই তালিকায় শীর্ষে থাকেন শাহরুখ খান, ঐশ্বর্যা রাই, রণবীর সিংহের মতো তারকারা। কিন্তু হরিয়ানার এই ৩৩ বছর বয়সী অভিনেতা এখন সেই তালিকার শীর্ষে।
‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে এই কিশোরকে নিয়ে জোর আলোচনা। উচ্চতায় মাঝারি, ফর্সা, ছোট করে চুল কাটা, সামনের দাঁত উঁচু। এই কিশোর চরিত্রটি সিনেমায় এক জনের নির্দেশে এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। গোটা সিনেমার একটা বড় অংশ জুড়ে আছে ওই কিশোর। তবে বাস্তব জীবনে কিন্তু তাঁর বয়স ১৪ নয়। বরং তিনি ৩৩ বছরের যুবক। নাম যুধবীর অহলওয়াত।
যুধবীর হরিয়ানার ছেলে। হিন্দি সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ২০১৯ সালে ‘সান্ড কি আঁখ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। তার পর ‘লভ হস্টেল’ এবং ‘কো-এড’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। পর্দায় তাঁকে দেখতে বেশ তরুণ মনে হলেও, এই অভিনেতা পূর্বে বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তিনি নাবালক নন।
হরিয়ানার ঝাঁঝর জেলায় থাকেন তিনি। বাবা বিএসএফ জওয়ান ছিলেন। যুধবীরের এক ভাই রয়েছে। তাঁরা উচ্চতা ও চেহারায় স্বাভাবিক হলেও যুধবীর তার উল্টো। যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি ছোট মনে হয় তাঁকে।
আরও পড়ুন:
আইএমডিবি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ৩০ জন ‘ট্রেন্ডিং’ ভারতীয় তারকার একটি তালিকা প্রকাশ করে থাকে। অভিনেতা থেকে পরিচালক, লেখক এবং চিত্রগ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয় এই তালিকায়। নেট ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল কত বার ভিজ়িট করেছেন, তার উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়। চলতি সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের কারণে ঐশ্বর্যা রাই পেয়েছেন তিন নম্বর স্থান। চার নম্বরে আছেন তলপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সম্প্রতি তাঁকে আলোচনায় রেখেছে। জুনিয়র এনটিআর ছিলেন ২৪ নম্বরে। শাহরুখ খান তারও পরে। এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন যুধবীর। দর্শকের কাছে এমন ভালবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনিও।