আগামী দু’দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও রাজ্যে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতায় মঙ্গলবার কখনও মেঘলা, কখনও রোদ থাকবে। শহরে সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারেও সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বরং আগামী দু’দিন অস্বস্তিকর পরিবেশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।
আগামী দু’দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশপাশে থাকবে। তবে বৃহস্পতিবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশায়। অন্য দিকে, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আবার ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দুই বঙ্গেই। ফলে তাপমাত্রা সপ্তাহান্তে কিছুটা হলেও নামবে। অস্বস্তি এবং ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের তিন-চার জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।