স্নাতক স্তর থেকেই পড়াশোনার সঙ্গে গবেষণামূলক কাজে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। এ জন্য সম্প্রতি বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়গুলি নিয়ে ‘অনার্স উইথ রিসার্চ’-এর সুযোগও রয়েছে। তবে, এই সুযোগ এখনও পর্যন্ত অধিকাংশ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাচ্ছে না। যে সব পড়ুয়া গবেষণা সংক্রান্ত বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে চাইছেন বা গবেষণার কাজ শিখতে চাইছেন, তাঁদের জন্য আইআইটি প্রতিষ্ঠানগুলিতে স্বল্পসময়ের কোর্স করানো হচ্ছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে বিশেষ গ্রীষ্মকালীন কর্মশালা বা ‘সামার ইন্টার্নশিপ’ করাতে চলেছে আইআইটি, খড়্গপুর। ওই প্রতিষ্ঠানের তরফে যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর পাঠরতদের মে-জুন মাস পর্যন্ত হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া শেখানো হবে সমকালীন নানা বিষয়ে গবেষণার কৌশলও। বিজ্ঞান ও প্রযুক্তি শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠরতেরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
ইন্টার্নশিপের পর প্রশিক্ষণ সম্পূর্ণ হলে একটি গবেষণাপত্র জমা দিতে হবে। তার পরই আইআইটি, খড়্গপুরের তরফে একটি শংসাপত্র পাবেন তাঁরা। শুধু তা-ই নয়, বিভিন্ন নামী বিজ্ঞান পত্রিকায় তাঁদের গবেষণাপত্র প্রকাশের সুযোগও ঘটতে পারে।
আগ্রহীদের অনলাইনে আইআইটি, খড়্গপুর-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ৩১ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকছে। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা প্রতিষ্ঠানের তরফে জানিয়ে দেওয়া হবে।