Advertisement
E-Paper

বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন! কোন বিষয়ে চাহিদা কেমন চাহিদা? রইল সুলুক সন্ধান

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এর পাশাপাশি, গণজ্ঞাপন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবিকরণযোগ্য শক্তি নিয়েও পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহ বেড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১২:৫৬

ছবি: এআই।

প্রতি বছর এ দেশ থেকে হাজার হাজার পড়ুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। কেউ বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশ পাড়ি দেন, আবার কলা বিভাগের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের আশায়। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া বা চিনের মতো দেশে পাড়ি দেওয়া পড়ুয়াদের অধিকাংশই দ্বাদশের আগেই প্রস্তুতি সেরে রাখেন। কারণ তাতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি চাকরির পথ সুগম করতে পারে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে জানা গিয়েছে, ৯৭ শতাংশ পড়ুয়া চান এমন কোর্সে ভর্তি হতে, যেখানে চাকরি পাওয়ার জন্য বাস্তবসম্মত দক্ষতা অর্জন করা যায়। এ ক্ষেত্রে বিদেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্লাসরুমের বাইরের পঠনপাঠনে কতটা গুরুত্ব দেয়, তা-ও দেখে নিতে চাইছেন নতুন প্রজন্মের পড়ুয়ারা। কোন কোন বিষয়ের চাহিদা রয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে?

বিজ্ঞান-প্রযুক্তির নতুন নতুন বিষয়—

বিশ্বায়নের যুগে বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে পড়াশোনায় আমূল পরিবর্তন এসেছে। কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষা, মেশিন লার্নিং, ইনফরমেশন সায়েন্স, রোবোটিক্স-এর মতো বিষয়ে উচ্চশিক্ষায় চাহিদা তুঙ্গে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২৪ শতাংশ ভারতীয় পড়ুয়া এই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী।

আধুনিক ও উন্নত চিকিৎসাবিদ্যা—

তবে, এরই সঙ্গে বিদেশে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ মেলে। সেখানকার মেডিক্যাল কলেজগুলিতে রেডিয়োলজি, অ্যানাস্থেশিয়া টেক-এর পাশাপাশি, জনস্বাস্থ্য, নার্সিং, মেডিসিন, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স-এর মতো বিষয় নিয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেয়। চিকিৎসাবিজ্ঞান নিয়ে স্নাতক পড়ার জন্য প্রতি মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার পড়ুয়া বিদেশে পাড়ি দেন।

বাণিজ্য—

বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান বাড়ছে। একই সঙ্গেই বাণিজ্য বিশেষজ্ঞের চাহিদাও বাড়ছে। তাই, বাণিজ্য ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল শেখার চাহিদাও বেড়েছে কয়েকগুণ। বিদেশের প্রতিষ্ঠানগুলিও তাই বাজারের চাহিদা পূরণ করতে বিশেষ পাঠ্যক্রমের অধীনে ওই বিষয়গুলি পড়িয়ে থাকে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এ দেশ থেকে শুধুমাত্র এমবিএ করতেই ১ লক্ষ ২০ হাজার পড়ুয়া বিদেশে যান।

এ ছাড়াও গ্রাফিক ডিজ়াইন, আর্কিটেকচার, গণজ্ঞাপন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবিকরণযোগ্য শক্তি-র মতো বিষয়েও উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়কে বেছে নিচ্ছেন বহু পড়ুয়াই।

কোন দেশে কেমন খরচ?

  • আমেরিকা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য জনপ্রিয়। সেখানে স্নাতক স্তরে পড়াশোনার জন্য বছরে ২২ লক্ষ থেকে ৫৩ লক্ষ টাকা এবং থাকার জন্য আলাদা করে বছরে ২২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
  • জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে পড়াশোনার জন্য ১৯ থেকে ৪৮ লক্ষ টাকা এবং থাকার জন্য ১২ থেকে ১৮ লক্ষ টাকা প্রতি বছরের হিসাবে খরচ করতে হয়।
  • কানাডায় পড়াশোনার জন্য বছরে ১১ লক্ষ থেকে ২৬ লক্ষ টাকা খরচ করতে হয়। থাকার জন্য আলাদা করে বছরে ৭ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে।
  • অস্ট্রেলিয়ায় থেকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বছরে ১২ থেকে ২৭ লক্ষ টাকা খরচ করতে হতে পারে। থাকার জন্য বার্ষিক খরচ ১২ থেকে ১৪ লক্ষ টাকা।
  • ইউরোপের দেশগুলিতে থেকে পড়াশোনার জন্য বার্ষিক খরচ ৮ লক্ষ থেকে ২১ লক্ষ টাকা। থাকার জন্য আলাদা করে বছরে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা।

উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকায়:

বিদেশে পড়াশোনার অনুমোদন পেতে প্রবেশিকায় উত্তীর্ণ হতেই হয়। ইংরেজি ভাষায় কতটা সাবলীল, তা যাচাই করার জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস), টেস্ট অফ ইংলিশ অ্যাজ় আ ফরেন ল্যাঙ্গুয়েজ (টিওএফএল) নেওয়া হয়। এ ছাড়াও আমেরিকার কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট (স্যাট) দিতে হয়। ম্যানেজমেন্ট নিয়ে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট) এবং কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন রেকর্ড এগ্জ়ামিনেশন-এ (জিআরই) পাশ করতেই হবে।

Abroad Education STEM AI Courses Career in Medical Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy