Advertisement
E-Paper

প্রাথমিক শিক্ষকদের ডাক উচ্চ মাধ্যমিকে! এসআইআর আবহে সিদ্ধান্ত শিক্ষা সংসদের

পরীক্ষা পরিচালনার জন্য মোট ৩৫,৫০০ পরিদর্শক প্রয়োজন। পরীক্ষাকক্ষে ২০ পরীক্ষার্থী পিছু একজন পরিদর্শক রাখার সিদ্ধান্ত হয়েছে। মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে বসতে চলেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪
১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক। ছবি: সংগৃহীত।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক। এসআইআর আবহেই শুরু হতে চলেছে দ্বাদশ শ্রেণির চতুর্থ অর্থাৎ চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা। সোমবার ৯ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছে, প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছে। কিন্তু পরীক্ষা পরিচালনার জন্য অভাব রয়েছে পরীক্ষকের। তাই প্রাথমিক শিক্ষকদের ডাকার কথা ভাবা হয়েছে।

জানা গিয়েছে, এ বার তিনটি ভাগে পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা। কেউ শুধু চতুর্থ সেমেস্টার পরীক্ষা দেবে, কেউ তার সঙ্গে বসবে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায়। আবার পুরনো উচ্চ মাধ্যমিক পদ্ধতিতেও পরীক্ষা দেবে কোনও কোনও পরীক্ষার্থী।

সিদ্ধান্ত হয়েছে, চতুর্থ সেমেস্টারে পরীক্ষাকক্ষে ২০ জন পরীক্ষার্থী পিছু একজন পরিদর্শক রাখা হবে। এ জন্য প্রায় সাড়ে ৩৫ হাজার পরিদর্শক প্রয়োজন। চিরঞ্জীব বলেছেন, ‘‘প্রয়োজন হলে মাধ্যমিক এমনকি প্রাথমিক স্তরে থেকে শিক্ষকদের দায়িত্ব দেওয়ার নির্দেশিকা প্রতি বছরই থাকে। এ বছর এসআইআর আবহে অনেক শিক্ষকই ব্যস্ত। আমাদের কাছে সঠিক তথ্যও নেই। তাই শিক্ষক পেতে কোনও সমস্যা হলে তা বিকাশ ভবনের তরফে দেখা হবে বলে জানানো হয়েছে।’’

তবে ইতিমধ্যেই তাঁরা প্রাথমিক শিক্ষকদের যাতে পরিদর্শক-পরীক্ষক হিসাবে নিয়োগ করা যায়, সে জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন চিরঞ্জীব। পাশাপাশি, সেন্টার ইনচার্জেরও প্রয়োজন রয়েছে। চিরঞ্জীব বলেছেন, ‘‘১০ ফেব্রুয়ারি জেলা স্কুল পরিদর্শক এবং জয়েন্ট কনভেনরদের সঙ্গে এ সংক্রান্ত বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে কত জন সরকারি কর্মীকে সেন্টার ইনচার্জের কাজে নিযুক্ত করা যেতে পারে।’’

সংসদ সূত্রে খবর, এ বার ২৩টি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে মোট ৬,৮৩৭ টি স্কুলে। মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ পরীক্ষার্থী চতুর্থ সেমেস্টারে বসতে চলেছে। হিসাব বলছে, ২৩টি জেলাতেই ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। এ বার পরীক্ষায় বসতে চলেছে ৩,১৫,৭৩২ ছাত্র এবং ৩,৯৫,০৭৯ ছাত্রী পরীক্ষা দিতে চলেছে। চতুর্থ সেমেস্টার দেবে ৬,৩৫,৮৬৪ জন। পুরনো পাঠ্যক্রমে পরীক্ষা দেবে ১৫,৪৯৫ জন এবং তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছে ৫৯,৪৫২ জন। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা দেবে। মিউজিক, ভিজুয়্যাল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ১০টা থেকে শুরু হলেও চলবে ১১টা ১৫ পর্যন্ত। পুরনো পরীক্ষার্থীদর ১০টা থেকে ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা হবে এবং তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ১টা থেকে ২টো ১৫ পর্যন্ত।

SIR HS Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy