বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণদের মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর। রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানে লাইফ সায়েন্সেস এবং কেমিক্যাল সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
পদার্থবিদ্যা, রসায়ন, ফার্মাসিউটিক্যাল, বায়োটেকনোলজি, ভেটেরিনারি সায়েন্স-এর মতো বিষয়ে স্নাতক হয়েছেন, এমন পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। তাঁদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)— এর মধ্যে যে কোনও একটি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
কোন কোন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ?
বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স, সেল অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি, ইকোলজি অ্যান্ড ইভালুয়েশন, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ়, নিউরোসায়েন্স অ্যান্ড বিহেভিয়ার নিয়ে লাইফ সায়েন্সেস শাখার অধীনে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।
কোয়ান্টাম কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সিন্থেটিক অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক রিঅ্যাকশনস, স্পেক্ট্রোস্কপি, মেন গ্রুপ কেমিস্ট্রি, অর্গানোমেটালিক কেমিস্ট্রি নিয়ে কেমিক্যাল সায়েন্সেস শাখার অধীনে উচ্চশিক্ষার সুযোগ মিলবে।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
জ্যাম বা গেট স্কোরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য বাছাই করে নেবে আইআইএসসি, ব্যাঙ্গালোর। ইন্টারভিউয়ের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৮০০ টাকা ধার্য করা হয়েছে। ২৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৮ থেকে ২০ মে-এর মধ্যে ইন্টারভিউ হতে চলেছে। ক্লাস ৩ অগস্ট থেকে শুরু হবে।