কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে (আইআইআইটি) পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘অটম সেমেস্টার’-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১১৩টি আসনের জন্য আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। এ ক্ষেত্রে যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা সমতুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেছেন, এমন প্রার্থী ছাড়াও অন্তত দু'বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোন কোন বিষয় গবেষণার জন্য বেছে নিতে পারবেন, সেই সংক্রান্ত তথ্যও জানিয়েছে আইআইআইটি, কল্যাণী।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আবেদনের শেষ দিন ৩০ জুন। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে। ৮ জুলাই এবং ৯ জুলাই ওই পরীক্ষা হতে চলেছে।