কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরতেরা ব্যাঙ্কিং-এ প্রযুক্তির প্রয়োগ কৌশল শেখার সুযোগ পেতে পারেন। তাঁদের ওই বিষয়টি হাতে কলমে শেখাবে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি। আরবিআই অধীনস্থ ওই সংস্থা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে।
কী কী বিষয় শেখানো হবে?
বিভিন্ন ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা লেনদেনের জন্য বিশেষ প্রযুক্তি নির্ভর পরিকাঠামো ‘ব্লকচেন’ ব্যবহার করে। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন কম্পিউটারের তথ্য সংগ্রহ করে সরাসরি ব্লকচেনের মাধ্যমে টাকা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই বিশেষ পরিকাঠামো ব্যবহারের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, থাকতে হবে নেটওয়ার্কিং, ডেটা স্ট্রাকচারিং-এর দক্ষতাও। সংশ্লিষ্ট সংস্থার তরফে এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়াও কৃত্রিম মেধাকে ব্যবহার করে ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানো, আর্থিক তছরুপ এবং জালিয়াতি সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, বিনিয়োগের বিভিন্ন পদ্ধতি নিয়ে পর্যালোচনার কাজ করা হয়ে থাকে ব্যাঙ্কিং বিভাগে। সেই কাজও শেখাবে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি।
আরও পড়ুন:
কারা শিখতে পারবেন?
ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সমতুল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা ওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের তিন মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ১০জন ওই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন।
প্রশিক্ষণ চলাকালীন যোগদানকারীদের ১৪,০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর উৎকর্ষের বিচারে প্রার্থীদের ওই সংস্থায় কাজের সুযোগও দেওয়া হবে। তবে, এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনপত্র ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য জীবনপঞ্জি এবং কেন এই প্রশিক্ষণটি নিতে চাইছেন, তার ব্যাখ্যা লিখে পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেবেন কর্তৃপক্ষ। ২০ এপ্রিল ওই ইন্টারভিউ আয়োজন করা হবে।