কোনও মন্তব্য করার ক্ষেত্রে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিল আইএসআই। বুধবার সন্ধ্যায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোবাইলে একটি বিশেষ নির্দেশিকা বার্তা পৌঁছয়। অধিকর্তার স্বাক্ষর থাকলেও ওই বার্তায় ছিল না কোনও ক্রমিক নম্বর বা স্ট্যাম্প।
প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে দেওয়া ওই বার্তায় বলা হয়েছে, এমন কোনও মন্তব্য কোনও ক্ষেত্রেই করা যাবে না যাতে দেশের অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আহত হয়। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের (কলকাতা) অধিকর্তা অমর্ত্যকুমার দত্তের স্বাক্ষর রয়েছে ওই নির্দেশিকায়।
কিন্তু হঠাৎ কেন এই পরামর্শ, তা নিয়ে শোরগোল পড়েছে। তবে, অনেকেই মনে করছেন নতুন পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া চলছে। আগামী দিনে প্রথম বর্ষের পড়ুয়ারা ক্যাম্পাসে এসে যেন কোনও সমস্যায় না পড়েন, সে জন্যই আগেভাগে সতর্ক করা হয়েছে। যদিও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে কর্মচারীদের এই পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার তাগিদে যেন প্রত্যেক কর্মী তাঁদের পেশাগত এবং ব্যক্তিগত আচরণের মান বজায় রাখেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বা জাতীয় অখণ্ডতা ক্ষুণ্ণ হয়, এমন কোনও কাজে যুক্ত হওয়া যাবে না। এমন কোনও মন্তব্য করা থেকেও বিরত থাকতে হবে।
অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানের এক অধ্যাপকের গ্রেফতারির দিকেই ইঙ্গিত করেছেন কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে সতর্কতা বজায় রাখাই একমাত্র উদ্দেশ্য হতে পারে। তবে, কেউ কেউ মনে করছেন, ঊর্ধ্বতনের তরফে কোনও নির্দেশও এসে থাকতে পারে। কিন্তু প্রতিষ্ঠানের গৌরব অক্ষুণ্ণ রাখতে কোনও সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি। বরং কর্মীদের বার্তা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত বছরে এই শিক্ষাপ্রতিষ্ঠানেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কিছু মম্তব্য করা হয়েছিল ছাত্রাবাসে। তারপর থেকে এই বিষয়ে সতর্ক থাকেন কর্তৃপক্ষ।