Advertisement
E-Paper

সেমিকন্ডাক্টর বাজারের চাহিদা বৃদ্ধি, পড়ুয়াদের কর্মমুখী করতে নয়া কোর্স চালু কলকাতা বিশ্ববিদ্যালয়ে

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন বিটেক কোর্সটি চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রাথমিক ভাবে আসনসংখ্যা ৩০ রাখা হয়েছে। কোর্সটি শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং এআইসিটিই উভয়েরই অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৯:৩২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বব্যাপি সেমিকন্ডাক্টর বাজারের ব্যাপ্তি ঘটছে। যার বর্তমান মূল্য ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি। এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নতুন পাঠক্রম। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক সায়েন্স বিভাগ আগামী শিক্ষাবর্ষ থেকে ‘ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ (ভিএলএসআই ডিজাইন অ্যান্ড টেকনোলজি)’ একটি নতুন বিটেক কোর্স শুরু করতে চলেছে।

‘ভিএলএসআই’-এর অর্থ ‘ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন’। এটি মূলত ইন্টিগ্রেশন বিশিষ্ট একটি ইন্টিগ্রেটেড সার্কিটকে (আইসি বা চিপ) বোঝায়। বিশ্ব জুড়ে সেমিকন্ডাক্টর বাজারের ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে বর্তমানে এর সামগ্রিক বাজার মূল্য ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি। ফলত, ডেটা সেন্টার, স্মার্টফোন এবং অটোমোটিভ ইলেকট্রনিক্সের ক্রমবর্ধমান চাহিদার কারণে এআই হার্ডওয়্যার অ্যাক্সেলরেটর এবং হাই-ব্যান্ডউইথ মেমরির মতো প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভারত সরকার ২০২২-এর ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে দেশে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরির ওপর বিশেষ জোর দিয়েছিল। সেই অনুযায়ী, এই ক্ষেত্রে বিপুল কর্মী বাহিনীর প্রয়োজন মেটাতে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে দেশজুড়ে নতুন বিটেক কোর্সটি চালু করার বিষয়ে উদ্যোগী হয়।

এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়েও শুরু হতে চলেছে এই কোর্সটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন বিটেক কোর্সটি চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রাথমিক ভাবে আসনসংখ্যা ৩০ রাখা হয়েছে। কোর্সটি শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং এআইসিটিই উভয়েরই অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে এই কোর্স চালু করা হল। পড়ুয়াদের পেশাগত দিক থেকে অনেকটাই সুবিধা হবে বলে মনে করি।’’

শিক্ষার্থীদের গবেষণা এবং বাণিজ্যিক পরিবেশ— উভয় ক্ষেত্রেই সফল করার উদ্দেশ্যে মূলত এই কোর্সের পাঠ্যক্রমে ভিএলএসআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। হাতেকলমে প্রশিক্ষণের সুযোগও দেওয়া হবে পাঠ্যক্রমের মধ্যে। তাই ইন্টার্নশিপ বাধ্যতামূলক রাখা হয়েছে। পড়ার পাশাপাশি যাতে পড়ুয়ারা ইন্টার্নশিপ করতে পারেন, সে জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ‘ভিএসএসআই ডিজাইন সেন্টার’।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান সনাতন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই কোর্সের ফলে পড়ুয়ারা উপকৃত হবে বলেই মনে করি। পাশাপাশি দেশের সরকারের যে দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন তাতে কলকাতা বিশ্ববিদ্যালয় কিছুটা ভুমিকা নিতে পারবে বলেই আমার বিশ্বাস।’’

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী। চলতি বছরের ডব্লুবিজেইই-এর ফলাফল প্রকাশের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে।

Calcutta University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy