ওরি তথা ওরহান অবত্রামণি আসলে কী করেন? কী ভাবে আয় করেন? এই প্রশ্ন প্রায়ই ওঠে। অবশেষে তাঁর রোজগার সম্পর্কে বিশদে জানা গেল।
ওরি তাঁর পেশা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বহু বার। কিন্তু তাঁর উত্তর বেশির ভাগ সময়ই ধোঁয়াশাই থেকে গিয়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানিয়েছেন, কী ভাবে তিনি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড এবং অনলাইন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয় করছেন। তিনি এ-ও জানান, একটি রিল থেকেই তিনি প্রায় আয় করেছেন ৭৬ লক্ষ টাকা।
ওরি জানান, তাঁর আয়ের বড় অংশ আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও বিভিন্ন নামী অনুষ্ঠানে উপস্থিত থেকে। তিনি বলেন, “গত মাসে আমি শুধু একটি রিল থেকে ৭৬ লক্ষ টাকা আয় করেছি।” ব্র্যান্ডের প্রচার এবং ‘পেড কনটেন্ট’-এর মাধ্যমে তিনি কী ভাবে আয় করেন, সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওরি বড় অঙ্কের অর্থ উপার্জন করেন। এটিই তাঁর ব্যবসা, জানান তারকা। ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তাব আসে তাঁর কাছে। জনপ্রিয়তার জন্যই এই প্রস্তাব আসে তাঁর কাছে। উপস্থিত থেকে ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত নেন।
আরও পড়ুন:
ওরি বলেন, “১৫ থেকে ২৫ লক্ষ টাকায় আপনারা আমাকে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজেও ডাকতে পারেন। আমি বিয়েতে আসতে পারি, জন্মদিনের অনুষ্ঠানেও আসতে পারি। আমি এমন ভাবে কথা বলব যেন, যার বিয়ে হচ্ছে বা যার জন্মদিন সে আমার শৈশবের বন্ধু। আমি আপনাদের সঙ্গে সময়ে কাটাব, পরিবারের সঙ্গে মিশব। এই পুরো বিষয়টা আপনারা কিনতে পারেন।”
ওরি তাঁর ছবি তোলার ধরনের জন্য বিখ্যাত। ভারতে বিশেষ ‘পোজ়’-এর জন্য পরিচিত মাত্র দু’জন মানুষ—তিনি এবং শাহরুখ খান। এমন দাবি নেটপ্রভাবীর। তবে তাঁর এই বিপুল পরিমাণ টাকা কে সামলান? এই বিষয়ে এখনও একটি পুরনো পদ্ধতিই অনুসরণ করেন তিনি। তাঁর আর্থিক বিষয়গুলো নাকি এখনও তাঁর মা-বাবাই দেখেন। ওরি যোগ করেন, “আমি কখনও এই অভ্যাস ছাড়ব না।”
উল্লেখ্য, ওরির আসল নাম ওরহান অবত্রামণি। তবে বলিউডে ওরি নামেই বেশি পরিচিত তিনি। ইনস্টাগ্রামে তাঁর ২৫ লক্ষেরও বেশি অনুসরণকারী রয়েছেন। বলিউডের তারকাদের সঙ্গে এবং বড় বড় অনুষ্ঠানে তাঁকে প্রায়ই দেখা যায়।