জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠানের তরফে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাঠ দেওয়া হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সেন্টার ফর কোচিং অ্যান্ড কেরিয়ার প্ল্যানিং-এর তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির। এটি আবাসিক প্রশিক্ষণ। মূলত সিভিল সার্ভিস পরীক্ষা দেবেন যে সকল প্রার্থী তাঁদের জন্যই এই কোর্স। প্রিলিমিনারি থেকে মেনস্ এবং ইন্টারভিউ— সব ক’টি স্তরের প্রস্তুতিই নিতে পারবেন আগ্রহীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংরক্ষিত বিভাগ এবং মহিলাদের জন্যই এই কোর্স।
প্রবেশিকার বিস্তারিত
আসনসংখ্যা মাত্র ১০০টি। ভর্তি হতে হবে প্রবেশিকা দিয়েই। দু’টি পত্রে পরীক্ষা হবে। প্রতি পত্রে ৬০ নম্বর করে থাকে। প্রথম পত্রে ১ নম্বরের ৬০টি প্রশ্ন থাকে, দ্বিতীয় পত্রে ২টি ৩০ নম্বরের রচনাধর্মী উত্তর লিখতে হয়। এই দু’টি ধাপে উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে ৩০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। উত্তীর্ণ হতে পারলেই মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যায় এই কোর্সে।
আরও পড়ুন:
কোর্স মূল্য
সাধারণত কোর্সটি করার জন্য আলাদা করে কোনও টাকা জমা দিতে হয় না। আবাসিক কোর্স হওয়ার কারণে হস্টেল খরচ জমা করতে হয়। সে ক্ষেত্রে প্রতি মাসে ১ হাজার টাকা করে জমা দিতে হবে। তবে শুরুতে প্রথম ছ’মাসের টাকা একেবারে জমা দিয়ে দিতে হবে। ছ’মাস পর থেকে মাসে ১ হাজার টাকা করে দিতে হবে। এ ছাড়াও ৭ হাজার টাকা ভর্তির সময় জমা দিতে হবে। যদিও তা কোর্স শেষের পর ফেরত দিয়ে দেওয়া হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ দিনক্ষণ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ মে। সংশোধনের জন্য আবেদনের পোর্টাল আবারও খোলা হবে ২৯ এবং ৩০মে। ৬ জুন প্রবেশিকা আয়োজিতে হবে বিশ্ববিদ্যালয়ে। ১০ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে। ১৬ থেকে ৩১ জুলাই এবং তার ফলপ্রকাশ হবে ৭ অগস্ট। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১৮ অগস্টের মধ্যে। ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা ১ সেপ্টেম্বর থেকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।