তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মামুন শেখের বিরুদ্ধে অভিযোগ উঠল বীরভূমে। ২০২১ সালে ভোটপরবর্তী হিংসা, ভাঙচুর এবং প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ তুলে আবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ইট ব্যবসায়ী শুভেন্দু মণ্ডল। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পুলিশের কাছে অনুব্রত-সহ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। তাঁর আশা, এ বার ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুভেন্দুর অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচন জিতে তৃণমূল ক্ষমতায় ফেরার পর অনুব্রতের নির্দেশে, মামুনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটায় হামলা চালায়। ওই হামলায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, ঘটনার পর ২০২১ সালেই অনুব্রত, মামুন-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে সে সময় পুলিশ বা প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ। অভিযোগকারী আরও জানান, দীর্ঘ দিন ধরেই তাঁর কাছে তোলা দাবি করা হত। তিনি সেই দাবি মানতে অস্বীকার করায় এবং বিজেপি সমর্থক হিসাবে পরিচিত হওয়ায় বিভিন্ন সময়ে চাপের মুখে পড়তে হয় তাঁকে।
আরও পড়ুন:
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।